মিডল অর্ডারের বিপর্যয় সামলে ট্রেন্ট ব্রিজ টেস্টে চালকের আসনে ভারত, ইংল্যান্ডে নজির রবীন্দ্র জাদেজার
লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার অর্ধশতরান এবং লোয়ার অর্ডারের ভালো ব্যাটিং ট্রেন্ট ব্রিজ টেস্টে সুবিধাজনক জায়গায় রাখল ভারতকে। ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৭৮ রানে। ৯৫ রানে এগিয়ে থাকল বিরাট কোহলির দল। ইংল্যান্ডের সফলতম বোলার অলি রবিনসনের ঝুলিতে ৫ উইকেট।

বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশন
৪৬.৪ ওভারে চার উইকেটে ১২৫ রান এই অবস্থায় তৃতীয় দিনের খেলা আজ শুরু হওয়ার একটু পরেই বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ভারতের স্কোর সে সময় ছিল ৪৮.৩ ওভারে ৪ উইকেটে ১৩২। লোকেশ রাহুল ৫৮ ও ঋষভ পন্থ ১৩ রানে অপরাজিত ছিলেন। ফের খেলা শুরু হতেই ৫০তম ওভারের শেষ বলে পন্থের উইকেট তুলে নেন রবিনসন। ২০ বলে ২৫ রানে পন্থ ফেরেন দলের ১৪৫ রানের মাথায়। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহুল। ৫৯তম ওভারে রিভিউ নষ্ট হয় ইংল্যান্ডের। লাঞ্চের আগেই ইংল্যান্ডের রান টপকে যায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের ১৮৩ রানের জবাবে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১৯১।

জাদেজার নজির, প্রয়োজনীয় পার্টনারশিপ
লাঞ্চের পর রাহুল-জাদেজার পার্টনারশিপে ভর করে ভারতের রান ২০০ পেরিয়ে যায় ৬৮.১ ওভারে। এদিন অর্ধশতরানের ফাঁকে রবীন্দ্র জাদেজা এক নজিরও গড়েন। ৫৩টি টেস্টে তাঁর ২০০টি উইকেটের পাশাপাশি ২ হাজার টেস্ট রানও পূর্ণ হল এদিন। কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনের পর পঞ্চম ভারতীয় হিসেবে তাঁর এই নজির হল। ইংল্যান্ডের ইয়ান বোথাম ৪২টি টেস্টে, কপিল দেব ও ইমরান খান ৫০টি টেস্টে এবং রবিচন্দ্রন অশ্বিন ৫১টি টেস্ট খেলেই এই নজির গড়েছিলেন। ষষ্ঠ উইকেটে রাহুল ও জাদেজা মূল্যবান ৬০ রান যোগ করেন।

সর্বাধিক রান রাহুলের
৬৮.৫ ওভারে লোকেশ রাহুল জেমস অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হন। ২১৪টি বল খেলে ৩৪৬ মিনিট ক্রিজে কাটিয়ে ১২টি চারের সাহায্যে তিনি করেন ৮৪। দুই বছর টেস্ট খেলতে নেমে এবং ওপেন করতে নেমে তিনি যেভাবে বল ছেড়েছেন এবং ড্রাইভ মারতে লালায়িত হয়ে উইকেট ছুড়ে দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন তাঁর প্রশংসা করেছেন সুনীল গাভাসকরও। রাহুল ফেরার ঠিক ৬ বল পরেই স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগে আউট হন শার্দুল ঠাকুর। ৬ বল খেলে অ্যান্ডারসনের বলে তিনি প্যাভিলিয়নের রাস্তা ধরেন শূন্য রানে। ৭৫তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজা আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৩২। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৬ বলে ৫৬ করেন জাদেজা।

ইংরেজ বোলারদের হতাশা বাড়ালেন বুমরাহ
এরপর ইংরেজ বোলারদের হতাশা বাড়িয়ে ভারতের লিডও বাড়াতে থাকে ভারতের লোয়ার অর্ডার। ৮ উইকেটে ২৩২ থেকে ভারত পৌঁছে যায় ২৭৮ রানে। ভারতের নবম উইকেট পড়েছিল ৮০.৩ ওভারে ২৪৫ রানে। ২০ বলে ১৩ করে শামি বোল্ড হন রবিনসনের বলে। সেখান থেকে ভারতের লিড বাড়িয়ে প্রায় একশো রানের কাছাকাছি পৌঁছে দেয় জসপ্রীত বুমরাহ-র ঝোড়ো ব্যাটিং। শেষ উইকেটে ওঠে ৩৩ রান। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ২৮ রান করেন বুমরাহ। মহম্মদ সিরাজ ৮ বলে ৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম অলি রবিনসন ২৬.৫ ওভারে ৬টি মেডেন নিয়ে ৮৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।

অ্যান্ডারসনের নজির
এদিন টেস্টে বিশ্বের তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। তাঁর বর্তমানে উইকেটসংখ্যা ৬২১। রাহুলের উইকেট নিয়ে তিনি টপকে যান অনিল কুম্বলে ৬১৯টি টেস্ট উইকেটের রেকর্ড। তাঁর সামনে এখন শুধু দুই স্পিনার শেন ওয়ার্ন। আর ধরাছোঁয়ার বাইরে থাকা ৮০০টি টেস্ট উইকেটের মালিক হয়ে সিংহাসনে বসে থাকা মুথাইয়া মুরলীধরন। আর কোনও ক্রিকেটারের পক্ষে মুরলীর রেকর্ড ভাঙা অসম্ভব, অন্তত ক্রিকেট এখন যে জায়গায় পৌঁছেছে। টেস্টে কমে বেড়েছে ওয়ান ডে ও টি ২০। বোলাররাও কেরিয়ার দীর্ঘায়িত করতে টেস্টকেই আগে বিদায় জানাচ্ছেন। ২৩ ওভারে ৮ মেডেন-সহ ৫৪ রানে ৪ উইকেট নিলেন অ্যান্ডারসন।

চিন্তায় রাখলেন তিন স্তম্ভ
তবে লোয়ার অর্ডার মান বাঁচালেও ভারতকে চিন্তায় রাখছে মিডল অর্ডারের অফ ফর্ম। ২০২০ সাল থেকে এই টেস্ট অবধি বিরাট কোহলি ৯টি টেস্টে তিনটি অর্ধশতরান-সহ ৩৪৫ রান করেছেন, গড় ২৩। অজিঙ্ক রাহানে ১২টি টেস্টে ৫৪০ রান করেছেন, গড় ২৭। একটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। ১২টি টেস্টে চেতেশ্বর পূজারা ৫৩১ রান করেছেন। গড় ২৫.২৮। পাঁচটি অর্ধশতরান করলেও বিরাটের মতোই শতরান নেই। ফলে তিন স্তম্ভের এমন অফ ফর্ম নিশ্চিতভাবেই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ভারতকে উদ্বেগে রাখবে।












Click it and Unblock the Notifications