ভারতীয় দলে লবি চলছে, তাই অশ্বিন সাইড লাইন! বিস্ফোরক সুনীল গাভাসকর
ভারতীয় দলে লবি চলছে, তাই অশ্বিন সাইড লাইন! বিস্ফোরক সুনীল গাভাসকর
ভারতীয় দলে এখন লবি চলছে, ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। বিরাটের দেশে ফেরা নিয়ে আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন সানি। এবার দলের অন্দরে লবি চলছে বলে অভিযোগ আনলেন।

বিরাটের বিরুদ্ধে নাম না করে কটাক্ষ
অজি সফরে মাঝে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারত অধিনায়ক বিরাটের দেশে ফেরা নিয়ে কটাক্ষ করেছেন সানি। যেখানে তিনি টি নটরাজন টেস্ট দলে না থাকলেও তাঁকে শুধুমাত্র নেট বোলারদের তালিকায় রেখে, বাবা হওয়ার পরও ছুটি দেওয়া হয়নি বলে সানি অভিযোগ করেছেন। আর ভারত অধিনায়ক সন্তান হওয়ার আগেই বোর্ডের থেকে ছুটি পেয়ে দেশে ফিরছেন! ভিন্ন ক্রিকেটারদের জন্য ভিন্ন নিয়মের গুরুতর অভিযোগ এনেছেন গাভাসকর।

ভারতীয় দলে লবির অভিযোগ
এখানেই না থেমে ভারতীয় দলে লবি হচ্ছে বলেও সানি অভিযোগ আনেন। উদাহরণ হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের কথা গাভাসকর বলেছেন। ঘুরিয়ে অশ্বিনের মতো ক্রিকেটারের সঙ্গে ভারতীয় দল দ্বিচারিতা করে বলে অভিযোগ এনেছেন গাভাসকর।

অশ্বিনকে নিয়ে গাভাসকর কী বললেন
গাভাসকর বলেন, 'অশ্বিন দীর্ঘদিন ধরে ভারতীয় দলে শুধুমাত্র টেস্ট দলে সুযোগ পাচ্ছেন। সেখানেও সে একটা ম্যাচে উইকেটহীন হলেই ওকে সাইড লাইন করে দেওয়া হয়। এটা ওর বোলিংয়ের পারফর্ম্যান্সের ভিত্তিতে নয়।' ভারতীয় দলের সীমিত ওভার থেকে অশ্বিনের বাদ পড়ার পুরোটাই ভারতীয় দলের অন্দরের লবির জন্য হয়েছে বলে সানি জানিয়েছেন।

গাভাসকরের অভিযোগ
গাভাসকর আরও বলেন, 'আসলে অশ্বিন ওর বোলিংয়ের ভিত্তিতে বাদ পরে না। অশ্বিন টিম মিটিংয়ে অন্যদের মতো মাথা না নেড়ে নিজের মতামত রাখে। এতেই সমস্যা। এই কারণেই অশ্বিন এখন শুধুই টেস্টে সুযোগ পায়। সেখানেও এক ম্যাচে ব্যর্থ হলেই বাদ পড়ে। তুলনায় ব্যাটসম্যানরা ম্যাচের পর ম্যাচ ফেল করলেও ধারাবাহিকভাবে সুযোগ পেয়ে যায়।'

সীমিত ওভারে ব্রাত্য অশ্বিন
প্রসঙ্গত ভারতের জার্সিতে শেষবার ২০১৭ সালে সীমিত ওভারের ক্রিকেটে অশ্বিন সুযোগ পান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে থাকার পর অশ্বিনকে আর সীমিত ওভারে নির্বাচকরা দলে সুযোগ দেননি। উল্লেখ্য টেস্টে দেশের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। লাল বলে দেশের হয়ে অশ্বিন ৭২টি টেস্ট খেলে ৩৭০টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications