লর্ডস টেস্টে জয়ের আশা দেখছে দুই শিবিরই, জানুন ভারত ও ইংল্যান্ডের পরিকল্পনা

ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিন ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। লর্ডসে টেস্টের চতুর্থ দিন মেঘলা আকাশের কারণে পুরো ৯০ ওভার খেলা চালানো সম্ভব হয়নি। কালও মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রোদের দেখাও মিলবে। ফলে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে ফয়সালা হওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে। যদিও চতুর্থ দিন শেষ লগ্নে ২০ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ভারতের চেয়ে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে ইংল্যান্ড। শেষ দিনে অবশ্য দুই দলই জয়ের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। ভারত চাইছে ২০০-র বেশি লিড নিয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামাতে। স্পিন সহায়ক পঞ্চম দিনের পিচে ভারতীয় চ্যালেঞ্জ সামলে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের পাল্টা লক্ষ্য নতুন বলে দ্রুত শেষ চার উইকেট তুলে নেওয়া।

রাহানে-পূজারা জুটির পরেও অস্বস্তি

রাহানে-পূজারা জুটির পরেও অস্বস্তি

লর্ডস টেস্টের চতুর্থ দিন ভারত প্রথম সেশনে তিন উইকেট হারিয়েছিল ৫৫ রানের মধ্যে। এরপর ২৩.২ ওভার থেকে ৭২.৪ ওভার পর্যন্ত ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১০০ রান। মার্ক উডের শর্ট পিচ ডেলিভারি সামলাতে না পেরে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাতে ক্যাচ দিয়ে বসেন চেতেশ্বর পূজারা। পূজারা আউট হওয়ার পর স্কোরবোর্ডে ১২ রান যোগ হতেই মঈন আলির শিকার হন রাহানে। ৭২.৪ ওভারে ১৫৫ রানে চতুর্থ উইকেট পড়ার পর ভারতের ষষ্ঠ উইকেট পড়ে ৭৯.১ ওভারে দলের ১৭৫ রানের মাথায়। রবীন্দ্র জাদেজাকে ফেরান মঈন আলি। ক্রিজে এখন ঋষভ পন্থ ও ইশান্ত শর্মা। ৮২ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮১। লিড ১৫৪ রানের।

কঠিন চ্যালেঞ্জ ভারতের

কঠিন চ্যালেঞ্জ ভারতের

কাল ইংল্যান্ডের পেসাররা নতুন বলে শুরু করবেন। ভারতীয় ব্যাটিংয়ের লেজ এদিনই ধরে ফেলেছে ইংল্যান্ড। প্রাথমিক পরিকল্পনা হল দ্রুত শেষ চার উইকেট তুলে ফেলা। ভারতের লিড বাড়াতে বড় ভরসা নিঃসন্দেহে ঋষভ পন্থ। তিনি কাউন্টার অ্যাটাকের রাস্তা যে বেছে নেবেন সেটা পরিষ্কার। ১টি মেডেন-সহ ২০ ওভার হাত ঘুরিয়ে ৫২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া মঈন আলি বলেছেন, দুই দলই তুল্যমূল্য জায়গায় রয়েছে। দারুণ খেলা চলছে। এই উইকেটে ২২০-২৩০ রানের টার্গেটে পৌঁছানোই কঠিন হবে। অসম্ভব নয়, তবে কঠিন। আমরা জানি পন্থ কী করতে পারেন। তিনি বিপজ্জনক ক্রিকেটার। ফলে নতুন বল খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদেরও জেমস অ্যান্ডারসন রয়েছেন। সকলকে ভালো খেলতে হবে। দুই বছরে এই নিয়ে দ্বিতীয় টেস্ট খেলছেন। নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট মঈন ব্যাট হাতেও অবদান রাখতে চান চলতি সিরিজে।

লক্ষ্য জানালেন রাঠোর

লক্ষ্য জানালেন রাঠোর

ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, আমাদের লক্ষ্য ২০০-র বেশি লিড নিয়ে যাওয়া। আজ আমরা দেখেছি মঈন আলির বল যেভাবে ঘুরেছে তাতে উইকেট পঞ্চম দিনের টিপিক্যাল টেস্ট উইকেট। অর্থাৎ স্পিন-ফ্রেন্ডলি হয়ে উঠেছে। বল মাঝেমধ্যে লাফিয়ে উঠবে, ঘুরবে। ফলে এই পিচে রবীন্দ্র জাদেজাকে সামলানো সহজ হবে না ইংল্যান্ডের। প্রথম ইনিংসেও জাদেজা ভালো বোলিং করেছেন। জাদেজা পিচ থেকে ফায়দা তুলতে পারলে আমাদের সুবিধাই হবে। সেই সঙ্গে আমাদের পেস অ্যাটাকও ভালো ফর্মে রয়েছে।

বিতর্ক এড়িয়ে ভরসা জাদেজা

বিতর্ক এড়িয়ে ভরসা জাদেজা

বিক্রম রাঠোরকে প্রশ্ন করা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ভারতীয় দলের তরফে করা হচ্ছে কিনা। রাঠোর বলেন, আমরা প্রথমে বিষয়টি দেখিনি। পরে রিপ্লেতে দেখেছি। কিন্তু মনে হয়নি ইচ্ছাকৃতভাবে ক্রিকেটাররা এটা করেছেন। তাই এই বিষয়টি নিয়ে আমরা এগোতে চাই না। তবে এরই মধ্যে অস্বস্তিতে থাকা ভারতীয় শিবিরে ঘুরপাক খাচ্ছে একটি আক্ষেপের বিষয়ও। লর্ডসের উইকেটের চরিত্র বুঝতে ভুলই করেছেন বিরাট কোহলি বা টিম ম্যানেজমেন্ট। খেলা আজ যেখানে দাঁড়িয়ে সেখানে ব্যাট হাতে তো বটেই, বল হাতেও ফারাক গড়তে পারতেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন-জাদেজা জুটিকে সামলানো কঠিনই হতো রুটদের। কিন্তু অশ্বিন না থাকায় ২০১৪ সালের পর লর্ডস টেস্টে জয় আনতে ভরসা জাদেজাই।

(ছবি- বীরেন্দ্র শেহওয়াগ টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+