IPL 2025: রাহানে থেকে রিঙ্কু, কেকেআর দলে ফোকাসে থাকবেন পাঁচ ভারতীয় তারকা, জানুন বিস্তারিত
অপেক্ষা মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু আইপিএল। আগামী ২২ মার্চ ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। গতবারের চ্যাম্পিয়ন দল নাইটরা। ফলে এবার শাহরুখ খানের দলকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। আসন্ন মরশুমে অজিঙ্ক রাহানে নেতৃত্বে খেলতে নামবে কেকেআর। রাহানে ছাড়াও নাইটদের আর কোন ভারতীয় ক্রিকেটাররা থাকবেন ফোকাসে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক অধিনায়ক অজিঙ্ক রাহানের কথায়, রাহানে এখনও পর্যন্ত ১৮৫ ম্যাচে খেলেছেন। রান করেছেন ৪৬৪২। স্ট্রাইক রেট ১২৩.৪২। আইপিএলে দুটি শতরান এবং ৩০টি অর্ধশতরান আছে এই মুম্বইকরের। এর আগে ভারতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে রাহানের।

রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুণে দলে অধিনায়কত্ব করার পর এবার নাইটদের নেতা হয়েছেন। ২০১৭ সালে আইপিএলে প্রথমবার নেতৃত্বদানের সুযোগ পান রাহানে, সেই মরশুমে পুণে দলের নিয়মিত অধিনায়ক স্মিথ অসুস্থ হয়ে পড়লে নেতৃত্বে ভার দেওয়া হয় রাহানেকে। ২০১৮ সাল এবং ২০১৯ সালের রাজস্থান দলকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দেন। আইপিএলে মোট ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহানে। এর মধ্যে মাত্র ৯ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন। হেরেছেন ১৬ ম্যাচে।
কেকেআরে খেলেই তারকা হয়ে উঠেছেন হর্ষিত রানা। জাতীয় দলের এই পেসার এবার নাইটদের পেস আক্রমণের অন্যতম কাণ্ডারী। আইপিএলে ২০২২ সালে অভিষেক হয় হর্ষিত রানার। এখন পর্যন্ত কেকেআর দলের হয়ে ২১ ম্যাচে ২৫উইকেট নিয়েছেন। ২০২৫ সালের আইপিএলের আগে রানাকে রিটেনও করে কেকেআর। বাংলাদেশে বিরুদ্ধে টি২০সিরিজে সুযোগ পেলেও প্রথম একাদশে স্থান পাননি।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় টেস্ট দলে প্রথম সুযোগ পান। এখনও পর্যন্ত দুটি টেস্ট খেলে ৪উইকেট নিয়েছেন। তিনটি একদিনের ম্যাচ খেলে ছয় উইকেটে নিয়েছেন । একটি টি২০ ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে খেলেছেন রানা।
নাইটদের স্পিন বিভাগের প্রধান শক্তি বরুণ চক্রবর্তী। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে সুযোগ পান আইপিএলে, নাইটদের জার্সিতে নজর কাড়া পারফরম্যান্স করেন বরুণ। ২০১৯ সালে আইপিএলে অভিষেক হয় বরুণের। এখনও পর্যন্ত ৭১ ম্যাচে ৮৩ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।বর্তমান ভারতীয় দলের স্পিন বিভাগের অন্যতম তারকা বরুণ চক্রবর্তী। আইপিএলের মঞ্চ থেকেই ভারতীয় দলে সুযোগ করে নিয়েছেন বরুণ।
বিগত কয়েক মরশুম ধরেই নাইটদের অন্যতম সফল বোলার বরুণ, নাইটরা তাঁকে ২০২৫ সালের নিলামের আগে রিটেনও করেন। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক টি২০-তে অভিষেক হয়। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০-তে তাঁর উইকেট সংখ্যা ৩৩। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন।
নাইট রাইডার্সের ঘরের ছেলে রিঙ্কু সিং। ২০২৩ সালের আইপিএলে রিঙ্কু নিজেকে তারকা হিসাবে প্রতিষ্ঠিত করেন। ২০২৪ সালেও ভালো খেলেন। ফলে নিলামের আগেই বিরাট মূল্যে রিঙ্কুকে রিটেন করে কেকেআর। এখনও পর্যন্ত আইপিএলে ৪৫ ম্যাচে ৮৯৩ রান করেছেন। জাতীয় দলের হয়ে দুটি একদি্নের এবং ৩৩টি টি২০ ম্যাচ খেলেছেন।
মণীষ পাণ্ডে, মারকুটে ব্যাটার হিসাবেই পরিচিত। এবারও নাইটদের দলে আছে। আইপিএলে ১৭১ ম্যাচে ৩৮৫০ রান করেছেন। নাইট ব্রিগেডে ফোকাসে থাকবেন মণীষও।












Click it and Unblock the Notifications