IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্সের দাপুটে জয়, নটরাজনের চার উইকেট, নামল কেকেআর
IPL 2024: চলতি আইপিএলে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমে প্রথম ম্যাচেই হারল দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদ পঞ্চম জয়টি ছিনিয়ে নিয়ে দখলে নিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান।
এবারের লিগে দ্বিতীয় দল হিসেবে ১০ পয়েন্টে পৌঁছে গেল প্যাট কামিন্সের দল। কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালে তবেই তিন থেকে দুইয়ে উঠতে পারবে কলকাতা নাইট রাইডার্স।

টস হেরে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে ২৬৬ রান তুলেছিল। ১১টি চার ও ছটি ছয়ের সৌজন্যে ৩২ বলে সর্বাধিক ৮৯ করেন ট্রাভিস হেড। শাহবাজ আহমেদ ২৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। অভিষেক শর্মা ৪৬, নীতীশ কুমার রেড্ডি করেন ৩৭।
এ ছাড়া আবদুল সামাদ ১৩, এইডেন মার্করাম ১ ও প্যাট কামিন্স ১ রান করেন। কুলদীপ যাদব ৪ ওভারে ৫৫ রান দিয়ে চার উইকেট নেন। একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। মুকেশ ৪ ওভার হাত ঘুরিয়ে ৫৫ রান দেন। খলিল আহমেদ তিন ওভারে ৫১, ললিত যাদব ২ ওভারে ৪১, আনরিখ নরকিয়া ৩ ওভারে ৩১ রান দেন।
জবাবে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালস শিবিরে সাময়িক আশার সঞ্চার ঘটান জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। কিন্তু তিনি ফিরতেই ক্রমে ম্যাচ থেকে হারিয়ে যায় ঋষভ পন্থের দল। ম্যাকগার্ক পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৬৫ রান করেছেন। তিনি আউট হলে দিল্লির স্কোর ছিল ৭ ওভারে ৩ উইকেটে ১০৯।
পৃথ্বী শ ৫ বলে ১৬ রান করেন। ডেভিড ওয়ার্নার চোট সারিয়ে দলে ফিরলেও রান পেলেন না। ৩ বলে মাত্র ১ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হলেন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ২২ বলে ৪২ রান করেন অভিষেক পোড়েল। ট্রিস্টান স্টাবস করেন ১১ বলে ১০, ললিত যাদব ৮ বল খেলে ৭ রান করে আউট হন।
অক্ষর প্যাটেল করেন ৬। আনরিখ নরকিয়া ও কুলদীপ যাদব খাতাই খুলতে পারেননি। ১৯.১ ওভারে ১৯৯ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ ৩৫ বলে ৪৪ রান করে নীতীশ কুমার রেড্ডির শিকার হতেই দিল্লির ইনিংসে যবনিকা পতন ঘটে। সানরাইজার্স জিতল ৬৭ রানে।
একটি মেডেন-সহ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নেন টি নটরাজন। ময়াঙ্ক মার্কণ্ডে ২ ওভারে ২৬ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন। ২.১ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট রেড্ডির। ওয়াশিংটন সুন্দর ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট পেয়েছেন।
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো সানরাইজার্স, তাদের নেট রান রেট ০.৯১৪। কেকেআর ৬ ম্যাচে ৮ পয়েন্ট ও ১.৩৯৯ নেট রান নিয়ে তিনে চলে এলো। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাতে দিল্লি ক্যাপিটালস, নেট রান রেট মাইনাস (-) ০.৪৭৭।












Click it and Unblock the Notifications