IPL 2023: কেকেআরকে হারালেই শেষ চারে সিএসকে! নাইটদের সামনে জটিল অঙ্ক
আইপিএলে আজ চেন্নাইয়ের চিপকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আজ জিতলেই ধোনিরা ১৭ পয়েন্টে পৌঁছে যাবেন। সেই সঙ্গে দখল করে ফেলবেন প্লে-অফের জায়গা।
আজ হারলেও সিএসকে ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে শনিবার দিল্লি ক্যাপিটালসকে হারালে। কলকাতা নাইট রাইডার্স টিকে রয়েছে অঙ্কের হিসেবে। কেকেআর দুটি ম্যাচ জিতলেও ১৪ পয়েন্টে পৌঁছবে। তাতে তাকিয়ে থাকতে হবে অন্য ফলাফলের দিকে।

কলকাতা নাইট রাইডার্সের কাজ মোটেই সহজ নয়। কেন না, চিপকে ২০১২ সালের আইপিএল ফাইনালের পর আর কখনও চেন্নাই সুপার কিংসকে হারাতে পারেনি কেকেআর। চিপকে যে দুটি ম্যাচ কেকেআর জিতেছে তা ওই ২০১২ সালেই। চিপকে চেন্নাই-কলকাতা দ্বৈরথ হয়েছে ৯টি, সাতটিতে জয় সিএসকের, ২টিতে জিতেছে কেকেআর।
দুই দল মোট ২৭ বার আইপিএলে মুখোমুখি হয়েছে। চেন্নাইয়ের জন্য ১৮টিতে, ৯টিতে জিতেছে কেকেআর। শেষ পাঁচটি দ্বৈরথে চেন্নাই জিতেছে চারটিতে, একটিতে কেকেআর। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ইডেনে ধোনিরা জয় নিশ্চিত করেন ৪৯ রানে। চিপকে শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। সিএসকে জিতেছিল ৭ উইকেটে।

চেন্নাই সুপার কিংসের ১২ ম্যাচে রয়েছে ১৫ পয়েন্ট। নেট রান রেট ০.৪৯৩। আজ জিতলে প্লে-অফ নিশ্চিত হবে, তবে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হবে না। কেন না, গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের ১৭ বার তার বেশি পয়েন্ট লাভের সম্ভাবনা রয়েছে। চেন্নাই দুটি ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলগুলির দিকে।

কলকাতা নাইট রাইডার্সের ১২ ম্যাচে ১০ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ০.৩৫৭। কেকেআর দুটি ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট হবে। যা প্লে-অফে যাওয়ার পক্ষে যথেষ্ট হবে না। নাইটদের শেষ ম্যাচ ২০ মে ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ১৪ পয়েন্ট নিয়ে নাইটদের প্লে-অফে ওঠা নির্ভর করবে অনেক যদি-কিন্তুর উপর। সেদিকে নজর রাখা যাক।
গুজরাত টাইটান্সকে শেষ দুটি ম্যাচে জিততে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে হারতে হবে রাজস্থান রয়্যালসকে। এরপর শেষ দুটি ম্যাচে হারতে হবে আরসিবিকে। লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালসকেও তাদের শেষ ২টি ম্যাচে হারতে হবে। পাঞ্জাব কিংসকে হারতে হবে দিল্লি ক্যাপিটালসের কাছে।

এই সমীকরণ মিললে গুজরাত, চেন্নাই ও মুম্বই পৌঁছে যাবে শেষ চারে। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস দাঁড়িয়ে থাকবে ১৪ পয়েন্টে। পাঞ্জাব কিংস নেট রান রেটে (-০.২৬৮) এই মুহূর্তে কেকেআরের চেয়ে ভালো জায়গায়। ফলে এত সমীকরণ মেলা, বাকি দুটি ম্যাচ জেতা ও নেট রান রেটে উন্নতি, এই শর্তগুলিতেই টিকে কেকেআর।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications