IPL 2022: পঞ্চদশ আইপিএল কবে থেকে শুরু হবে জানিয়ে দিল বিসিসিআই, জেনে নিন কোন কোন স্টেডিয়ামে খেলা হবে ম্যাচগুলি
পঞ্চদশ আইপিএল কবে থেকে শুরু হবে জানিয়ে দিল বিসিসিআই, জেনে নিন কোন কোন স্টেডিয়ামে খেলা হবে ম্যাচগুলি
যেমনটা মনে করা হচ্ছিল তেমনটাই ঘটল। এক সপ্তাহ এগিয়ে আনা হল আইপিএল। ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ। বৃহস্পতিবার বিকেলে আইপিএল-এর গভার্নিং কাউন্সিলের বৈঠকের পর স্থির হয়েছে মার্চের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের সব থেকে হাইভোল্টেজ লিগ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার ১১ দিন পর থেকে শুরু হবে আইপিএল। দশ দলের আইপিএল-এ এ বার ৭০টি ম্যাচ আয়োজিত হবে। মুম্বই এবং পুনের মোট চারটি গ্রাউন্ডে লিগ পর্যায়ের ম্যাচগুলি আয়োজিত হবে। ২৯ মে ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। করোনার কারণেই সারা দেশে এ বারও ছড়িয়ে দেওয়া গেল না লিগ।
টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ আয়োজিত হবে মুম্বইয়ে। পুনেতে আয়োজিত হবে ১৫টি ম্যাচ। প্রতিটা দল ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম মিলিয়ে ৪টি করে ম্যাচ খেলবে। ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং এমসিএ স্টেডিয়ামে প্রতিটা দল তিনটি করে ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচটির জন্য বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে, যা মোতেরা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত। প্লে-অফও খেলা হবে মোতেরায়।
২০২২ সালের আইপিএল আট দলের পরিবর্তে দশ দলের হবে। আইপিএল-এ দল কিনতে আগ্রহী একাধিক সংস্থা বিড জমা দিলে তার মধ্যে থএকে নতুন দুই দলের জন্য মালিকানা দেওয়া হয়েছে আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এবং সিভিসি ক্যাপিটলসকে। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস খেলবে লখনউ থেকে। আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি দলটির নাম গুজরাত টাইটান্স। এটাই হয়তো শেষ আইপিএল হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির জন্য। ধোনিও চাইবে পঞ্চমবার আইপিএল খেতাব এই বারই জিতে নিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও এমএস ধোনির দল। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর মেগা নিলামের আসর বসেছিল বেঙ্গালুরুতে। বাগিচা শহরে এই নিলামে অংশ নিয়েছিলেন মোট ৫৯০ জন ক্রিকেটার।












Click it and Unblock the Notifications