IPL 2021 : ইংল্যান্ড থেকে আমিরশাহী উড়ে যাওয়া ক্রিকেটারদের জন্য করোনা বিধি কতটা কড়া?
ইংল্যান্ড থেকে আমিরশাহীতে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে আগামী আইপিএল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। চলতি মাসেই শুরু হতে চলেছে থমকে থাকা টুর্নামেন্ট। তার আগে সাবধনতা অবলম্বনে কোনও কসুর রাখতে চাইছে না বিসিসিআই। ইংল্যান্ড সফর চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হেড কোচ রবি শাস্ত্রী সহ টিম ইন্ডিয়ার একাধিক সদস্য। তাই আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। ইংল্যান্ড থেকে আইপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য কড়া করোনা বিধি জারি করা হচ্ছে বলে সূত্রের খবর। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতীয় শিবিরে করোনা ভাইরাসের থাবা
ইংল্যান্ড সফর চলাকালীনই করোনা ভাইরাসে আক্রান্ত হন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর সংস্পর্শে আসায় ওভাল টেস্ট ম্যাচ চলাকালীনই আইসোলেশনে পাঠানো হয় দলের আরও তিন সাপোর্ট স্টাফকে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের শেষ অর্থাৎ পঞ্চম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেট দলের আরও এক সাপোর্ট স্টাফ। এই ঘটনা বিরাট কোহলিদের মনে নেতিবাচক প্রভাব ফেলার কারণে ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে।

সাবধান বিসিসিআই
করোনা ভাইরাসের আতঙ্কের রেশ নিয়েই ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে যাবেন দুই দেশের ক্রিকেটাররা। তাঁদের ক্ষেত্রে কড়া নিয়ম আরোপ করা হবে বলে জানানো হয়েছে। এক সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে ইংল্যান্ড সফর সেরে আমিরশাহী পৌঁছনো ক্রিকেটাররা যাতে অন্তত ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকেন, ফ্র্যাঞ্চাইজিগুলিকে তা নিশ্চিত করতে বলেছে বিসিসিআই। একই সঙ্গে প্রতিদিনই ক্রিকেটারদের করোনা টেস্ট করা হবে বলেও খবর। কোনও খেলোয়াড়ের টেস্ট রিপোর্ট পজিটিভ এলে তাঁকে অন্তত ১০ দিনের জন্য আইসোলেশনে থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে ফের মাঠে নামার জন্য তৈরি হতে হবে।

রবিবারই আমিরশাহীতে ক্রিকেটাররা
রবিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর আইপিএল খেলতে দুবাই পৌঁছবেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে অধিনায়ক আমিরশাহী পৌঁছবেন বলে এএনআই-কে এক সূত্রের তরফে জানানো হয়েছে। একই বিমানে বিরাটের সঙ্গে টিম ইন্ডিয়া তথা আরসিবি ফাস্ট বোলার মহম্মদ সিরাজও থাকবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইংল্যান্ড সফরে থাকা ভারতের বাকি ক্রিকেটারদের নির্বিঘ্নে ম্যাঞ্চেস্টার থেকে দুবাই পৌঁছে দেওয়ার স্বার্থে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ভাড়া করা চার্টার্ড বিমানে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব শনিবারই আমিরশাহী পৌঁছে গিয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।

ফের শুরু হচ্ছে আইপিএল
চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ঠিক হয়েছে আইপিএলের শেষ পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ২০২০ সালে করোনা ভাইরাসের আবহে আমিরশাহীতেই হয়েছিল আইপিএল। কোনও বিপদ ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করে বিসিসিআইয়ের মন জয় করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড ও সরকার। এবারও টুর্নামেন্ট নির্ঝঞ্ঝাট হবে বলে আশা ভারতীয় ক্রিকেট বোর্ডের।












Click it and Unblock the Notifications