আইপিএল ২০২০ : বিরুষ্কা সম্পর্কে নিজের বিতর্কিত বক্তব্যের বাখ্যা দিলেন গাভাসকর
আইপিএল ২০২০ : বিরুষ্কা সম্পর্কে নিজের বিতর্কিত বক্তব্যের বাখ্যা দিলেন গাভাসকর
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুটি ক্যাচ ফেলে দেওয়ার পাশাপাশি মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মসকরা করে বিপদে পড়ে গিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাতে বিরাট-পত্নী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার নাম যোগ করে তো আরও বড় বিতর্ক উস্কে দিয়েছেন সানি। এ ব্যাপারে অভিনেত্রী মুখ খুলতেই নিজের বক্তব্যের বাখ্যা দিলেন গাভাসকর।

তাঁর বক্তব্যকে ঘুরিয়ে দেওয়া হয়েছে
আরসিবি ও পাঞ্জাবের মধ্যে আইপিএল ২০২০-এর ম্যাচ চলাকালীন তিনি কমেন্ট্রি বক্সে বসে বিরুষ্কা সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা উল্টোটাই ঘুরিয়ে পরিবেশন করা হয়েছে বলে দাবি করেছেন সুনীল গাভাসকর। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি কিংবা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে অপমান করার কোনও অভিসন্ধি তাঁর ছিল না বলেও জানিয়েছেন সানি।

ঠিক কী বলেছিলেন গাভাসকর
অনুষ্কা শর্মার আক্রমণের প্রেক্ষিতে সুনীল গাভাসকর বলেছেন, তাঁর বক্তব্যের অপবাখ্যা করা হয়েছে। আসলে তিনি বলতে চেয়েছিলেন যে করোনা ভাইরাসের জেরে লকডাউনে সেভাবে অনুশীলন করতে পারেননি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে তাণর মুম্বইয়ের আবাসনে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে টেনিস বলে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। কমেন্ট্রি বক্সে তিনি কেবল সেই ঘটনার কথা উল্লেখ করেছিলেন বলে জানিয়েছেন কিংবদন্তি গাভাসকর।

তিনি ক্রিকেটার ও তাঁদের পরিবারের পক্ষে
সুনীল গাভাসকরের কথায়, তিনি এমন ব্যক্তি, যিনি চান যে বিভিন্ন সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরাও সঙ্গী হন। তাঁদের নিয়ে তিনি কখনওই মসকরা করতে পছন্দ করেন না বলে দাবি করেছেন গ্রেট সানি। করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিরাট কোহলিকে যে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা বল করেছিলেন, তিনি সে কথাই বলেছেন বলে জানিয়েছেন গাভাসকর।

যা নিয়ে বিতর্ক
বৃহস্পতিবার মাঠে দুটো ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। সহজ এবং লোপ্পা বল হাত ফসকে বেরিয়ে গিয়েছে আরসিবি অধিনায়কের। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যাওয়া বিরাটের জন্য যে বৃহস্পতিবারের দিনটা খুব একটা মঙ্গলময় ছিল না, তা বোঝাই গিয়েছে। আর তা বাখ্যা করতে গিয়েই সুনীল গাভাসকর কমেন্ট্রি বক্সে আরসিবি অধিনায়কের স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে নিয়ে কু-মন্তব্য করেছেন বলে অভিযোগ।

অনুষ্কা শর্মার আক্রমণ
সোশ্যাল মিডিয়ায় সুনীল গাভাসকরকে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বলেছেন, স্বামী বিরাটের ব্যর্থতার জন্য ভারতীয় কিংবদন্তি যেভাবে তাঁকে নিয়ে কু-মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার আগে গাভাসকরকে দু-বার ভাবার অনুরোধ করেছেন অনুষ্কা শর্মা। ক্রিকেটারা পাবলিক ফিগার হলেও তাঁদের ব্যক্তিগত জীবনকে আলাদা রাখা এবং শ্রদ্ধা করা প্রত্যেকের কর্তব্য বলে ভারতীয় গ্রেটকে স্মরণ করিয়েছেন বিরাট-পত্নী।












Click it and Unblock the Notifications