আইপিএল ২০২০ : এবিডি-র ব্যাট ও কেকেআরের ভুল সিদ্ধান্তে ৮২ রানে জয় আরসিবি-র
আইপিএল ২০২০ : এবিডি-র ব্যাট ও কেকেআরের ভুল সিদ্ধান্তে ৮২ রানে জয় আরসিবি-র
এবি ডিভিলায়ার্সের দুর্দান্ত ব্যাটিং এবং দীনেশ কার্তিকদের ভুল সিদ্ধান্তে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে রানের বড় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই সঙ্গে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলিরা। চারে নেমে গেল কেকেআর।

টসে জেতেন বিরাট
শারজায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআরের) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চেয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন বোলাররা। তাতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে মনে করেছিলেন ভিকে।

আরসিবি-র ব্যাটিং
অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আরসিবির হয়ে শুরুটা ভালই করেন দুই ওপেনার। দেবদত্ত পাড়িক্কল ও অ্যারন ফিঞ্চের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ হয়। ৩২ রান করে আউট হন দেবদত্ত। ৪৭ রান করে সাজঘরে ফেরেন ফিঞ্চ। এরপর অধিনায়ক বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের মধ্যে বড় রানের পার্টনারশিপ হয়। কোহলির ব্যাট সেভাবে জ্বলে উঠতে না পারলেও মাঠের চতুর্দিকে শট মারেন এবিডি। ২৮ বলে ৩৩ রান করেন বিরাট। অন্যদিকে ৩৩ বলে ৭৩ রানের ইনিংসে পাঁচটি চার ও ছয়টি ছক্কা হাঁকান এবি ডিভিলায়ার্স।

কেকেআরের বোলিং
কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও প্রসিদ্ধ কৃষ্ণা। ব্যর্থ হন প্যাট কামিন্স ও কমলেশ নাগারকোটি। উইকেট না পেলেও ৪ ওভার বল করে মাত্র ২৫ রান দেন কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী।

কেকেআরের ব্যাটিং
আইপিএলে প্রথমবার খেলতে নেমে ব্যর্থ হলেন টম ব্যান্টন। কেকেআরের জার্সিতে ১২ বলে ৮ রানের বেশি করতে পারেননি ইংল্যান্ডের ওপেনার। ব্যর্থ হন দলের অন্যান্য ব্যাটসম্যানরাও। ব্যাট হাতে আরও একবারক ব্যর্থ হলেন আন্দ্রে রাসেল (১৬)। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি দীনেশ কার্তিক শিবির। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৩৪ রান করেন শুভমান গিল।

আরসিবি-র বোলিং
কেকেআরের বিরুদ্ধে উইকেট পেয়েছেন আরসিবি-র সব বোলার। দুর্দান্ত বোলিং করলেন বিরাট কোহলি শিবিরের স্পিনাররা। ২টি করে উইকেট নেন ক্রিস মরিস ও ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নেন নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ ও উসুরু উদানা।












Click it and Unblock the Notifications