আইপিএল ২০২০ : পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে লিগ শীর্ষে মুম্বই, নায়ক রোহিত, স্বমহিমায় বুমরাহ
আইপিএল ২০২০ : পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে লিগ শীর্ষে মুম্বই, নায়ক রোহিত, ফিরলেন বুমরাহ
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৮ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে কেএল রাহুলের দলকে টেক্কা দিল রোহিত শর্মা শিবির। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানের দুর্দান্ত পারফরম্যান্সকে সম্মান জানালেন বোলাররা। অন্যদিকে আজকের ম্যাচ হেরে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাব।

টসে জেতে পাঞ্জাব
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করেছিলেন কেএল রাহুল। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং
৪৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। আটটি চার ও তিনটি ছক্কা হাঁঁকান। একই সঙ্গে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেন হিটম্যান। ইনিংসের মাঝে রান রেট কিছুটা পড়ে গেলেও, শেষের দিকে তা পূরণ করে দেন মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। ২০ বলে ৪৭ রান করেন পোলার্ড। তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তিনটি চার ও দুটি ছক্কা সহ ১১ বলে ৩০ রান করেন পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সবচেয়ে ভাল বোলিং করেন শেলডন কোটরেল। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ফাস্ট বোলার। এক উইকেট নিলেও ৪ ওভারে ৩৬ রান দেন মহম্মদ শামি। এক উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম।

পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করে কিংস ইলেভেন পাঞ্জাব। ওপেনার কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের মধ্যে ৩৮ রানের পার্টনারশিপ হয়। ২৫ রান করে আউট হন মায়াঙ্ক। ১৭ রান করেন রাহুল। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলাস পুরান। বাকি সব ব্যাটসম্যানই ব্যর্থ হন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি কিংস।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং
গত ম্যাচের সুপার ওভারের ব্যর্থতা ভুলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। ২টি করে উইকেট নেন জেমস প্যাটিনসন ও রাহুল চাহার। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ক্রুনাল পান্ডিয়া।

লিগ তালিকার কে কোথায়
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। সম পরিমাণ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব।












Click it and Unblock the Notifications