টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই, কারা থাকতে পারেন?
সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের জন্য় ভারতীয় দল আজ রাতে বা আগামীকাল সকালেই ঘোষণা হতে চলেছে। চেতন শর্মার নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলী সূত্রে এ কথা জানা গিয়েছে। বোর্ড সূত্রে খবর, ওভাল টেস্টের আগেই বিরাট কোহলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। যে কোনও সময় তা ঘোষণা হতে চলেছে।

কয়েক ঘণ্টাতেই দল ঘোষণা
বিসিসিআই সূত্রে খবর, ওভাল টেস্ট শেষ হলেই আজ রাতে দল ঘোষণা করা হতে পারে। কিংবা অপেক্ষা করা হবে আগামীকাল সকালের জন্য। তবে ১৫ সদস্যের দল ইতিমধ্যেই চূড়ান্ত। এমনিতে টি ২০ দল তৈরিই ছিল। শুধু কয়েকটি জায়গা ভরাট করা হয়েছে দলের প্রয়োজনীয়তার কথা ভেবে। টিম ম্যানেজমেন্টের কথাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপের জন্য ভারতের সেরা দলই বেছে নেওয়া হয়েছে। উল্লেখ্য, লর্ডস টেস্টের সময়ও বিরাট কোহলির সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা হয় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহদের।

দল চূড়ান্ত
মনে করা হচ্ছে, দল নির্বাচনের ভার্চুয়াল বৈঠকে যে বিষয়গুলি আলোচিত হয়ে থাকতে পারে তা হল শিখর ধাওয়ানকে দলে রাখার বিষয়। হার্দিক পাণ্ডিয়া দীর্ঘদিন মাঠের বাইরে। পুরোদমে বোলিং অনুশীলন শুরু করেননি। তবে তিনি নিশ্চিতভাবেই দলে থাকবেন। আইপিএলে তাঁর ওয়ার্কলোডের দিকে নজর রাখা হবে। হার্দিকের ফিটনেস নিয়ে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির বক্তব্যও গুরুত্ব পেয়েছে বৈঠকে। শার্দুল ঠাকুর ও দীপক চাহার দুজনেই অলরাউন্ডার হিসেবে ভালো খেলেছেন। তাঁদের বিষয়টি নিয়েও আলোচিত হয়। ওয়াশিংটন সুন্দর আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু তিনি বিশ্বকাপের দলে থাকেন কিনা সেটাও দেখার। করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ক্রিকেটার দলের সঙ্গে রাখার নিয়ম রয়েছে। কতজন ক্রিকেটার রাখা হবে সে নিয়েও আলোচনা হয়।

কতজনের দল?
১৫ জন ক্রিকেটারের পাশাপাশি ৫ জন অতিরিক্তকে রাখা হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চয়তা মেলেনি। ১৪ জনের দলও গড়া হতে পারে। তবে এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, ক্রিকেটাররা আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতেই থাকবেন। বাবল টু বাবল ট্রান্সফার হবে। ইংল্যান্ড বা শ্রীলঙ্কা সফরে রিজার্ভ ক্রিকেটারদের মূল দলে নিতে হয়েছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যক ক্রিকেটারকে রেখেই দল ঘোষণা হবে।

বিশ্বকাপ অভিযানে সম্ভাব্য ক্রিকেটাররা
ভারতের ১৫ জনের বিশ্বকাপ দলে যাঁরা থাকবেন বলে মনে করা হচ্ছে তাঁরা হলেন- লোকেশ রাহুল, রোহিত শর্মা (সহ অধিনায়ক), বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ান। তবে ঈশানের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে লড়াইয়ে আছেন সঞ্জু স্যামসন। একস্ট্রা ওপেনার হিসেবে শিখর ধাওয়ানের সঙ্গে লড়াই পৃথ্বী শ-র। বাঁ হাতি পেসার হিসেবে চেতন সাকারিয়া ও টি নটরাজনকে ডার্ক হর্স বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর কীভাবে থাকবেন বা আদৌ থাকবেন কিনা তা নির্ভর করছে ফিটনেসের উপরেই। রবীন্দ্র জাদেজার কভার হিসেবে ভেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেল বা ক্রুণাল পাণ্ডিয়াকে। রিজার্ভ ও ইনজুরি কভার হিসেবে থাকতে পারেন বরুণ চক্রবর্তী, পৃথ্বী শ, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ।












Click it and Unblock the Notifications