ভারতের এই দুই ক্রিকেটারের কাছ থেকে আরও দায়বদ্ধতা প্রত্যাশা লক্ষ্মণের
ভারতের এই দুই ক্রিকেটারের কাছ থেকে আরও দায়বদ্ধতা প্রত্যাশা লক্ষ্মণের
চেন্নাইয়ের চিপকে প্রথম টেস্টে পরাজয় বাঁচাতে পারেনি ভারত। অনেকেই মনে করেছিলেন বিরাট কোহলির দলের যা ব্যাটিং শক্তি তাতে এই টেস্ট জিততে না পারলেও ম্যাচ বাঁচানো যাবে। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েকজন বোলারের সঠিক জায়গায় বল রাখতে না পারার পাশাপাশি টপ অর্ডারের ব্যর্থতাকেও পরাজয়ের অন্যতম কারণ বলে উল্লেখ করেছিলেন ভারত অধিনায়ক। স্পষ্ট করে দিয়েছিলেন, ব্যাটিং পরিকল্পনামাফিক হয়নি। শট বাছাইয়েও সমস্যা ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে উদ্বেগে রাখছে দুই তারকার অফ ফর্ম। তাঁদের কাছ থেকে আরও দায়বদ্ধতা প্রত্যাশা করছেন ভিভিএস লক্ষ্মণও।

ছন্দে নেই রোহিত
টেস্টে বহুদিন ধরে চেনা ছন্দে নেই রোহিত শর্মা। ২০১৯-এর অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১২ রানের ইনিংস খেলার পর আর শতরান আসেনি রোহিতের ব্যাট থেকে। এরপর আটটি ইনিংসে এসেছে মাত্র ১টি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ২৬ ও ৫২ এবং ব্রিসবেন টেস্টে ৪৪ ও ৭ রান করেছিলেন ভারতীয় ওপেনার। চেন্নাই টেস্টে তিনি আউট হন ৬ ও ১২ রান করে। ওপেনাররা যেখানে বড় রানের ভিত গড়ে দেন সেখানে রোহিতের ছন্দে না থাকা ভোগাচ্ছে ভারতকে।

অফ ফর্মে রাহানে
মেলবোর্ন টেস্টে শতরান এসেছিল অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। তাঁর নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতলেও রাহানের ব্যাটে রানের খরা কাটছে না। তার আগে অ্যাডিলেড টেস্টে ৪২ ও ০ করে আউট হয়েছিলেন। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ১১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অপরাজিত ছিলেন। সিডনিতে ২২ ও ৪ রানে আউট হন। ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টে রাহানে করেছিলেন ৩৭ ও ২৪। চিপকেও হতাশ করেছেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১ রান, দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন। রাহানের অফ ফর্মও ভারতের ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

কী বলছেন ভিভিএস?
চিপকে শনিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই টেস্ট থেকেই রাহানে ও রোহিতের আরও দায়িত্বশীল ব্যাটিং করা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, ভারতকে তাঁরা জেতাতে পারেন বা ম্যাচ বাঁচাতে পারেন এমন কমিটমেন্ট দেখানো উচিত রোহিত ও রাহানের। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে রাহানে যেভাবে আউট হয়েছেন তাতে মনেই হয়নি লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত ছিলেন। অ্যান্ডারসন রিভার্স স্যুইং করবেন এটা জানাই ছিল। ভালো বলে কেউ আউট হতেই পারে। কিন্তু ফুটওয়ার্ক যদি ঠিক না থাকে, শুরু থেকেই সঠিক জায়গায় ব্যাটসম্যান যদি পৌঁছাতে না পারে, তাহলে কাজটা কঠিন হয়ে যায়। অজিঙ্কা রাহানে যেভাবে আউট হয়েছেন তাতে আমি হতাশ। রোহিত শর্মাকে নিয়ে লক্ষ্মণ বলেন, প্রথম ইনিংসে রোহিত যেভাবে আউট হয়েছেন তাতে তিনিও হতাশ হবেন। কোথায় নিজের দুর্বলতা আছে, কোথায় বিপক্ষ বোলার আক্রমণ করবে, সে ব্যাপারে ব্যাটসম্যানেরই ধারণা থাকা প্রয়োজন। অফ স্টাম্পের বাইরের বলে রোহিতের আরও সতর্ক থাকা উচিত বলেও পরামর্শ দিয়েছেন লক্ষ্মণ।












Click it and Unblock the Notifications