অশ্বিনকে নতুন নামে ডাকছেন বিরাট, অক্ষর হলেন ওয়াসিম ভাই
অস্ট্রেলিয়ার পর এবার দেশের মাটিতে টেস্ট সিরিজেও পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক ভারতের। নিজের শহরে প্রথম টেস্টে ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা অক্ষর প্যাটেল। ম্যাচে সাত উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন, এদিনই ঢুকে পড়লেন চারশো উইকেটের ক্লাবে। সচিন, সেওয়াগ কুম্বলে, হরভজন থেকে মাইকেল ভন, রাসেল আর্নল্ডরা অভিনন্দন জানিয়েছেন অশ্বিনকে। টেস্ট শেষের পর ভারতের জয়ের দুই কারিগরের নতুন নামও প্রকাশ্যে এলো।

স্বপ্নের যাত্রায় চারশো উইকেট
টেস্টে চারশো উইকেটের এই যাত্রাপথে গত দুই-তিন মাস রবিচন্দ্রন অশ্বিনের কাছে যেন স্বপ্নের সরণি। অশ্বিন এদিন জানালেন, আইপিএলের পরেই অস্ট্রেলিয়া সফর। প্রথম একাদশে থাকা নিয়ে সংশয়ে ছিলাম। বিরাট কোহলি, রবি শাস্ত্রী আমার সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলছিলেন। নিশ্চয়ই তাঁরা আমার বোলিংয়ে বিশেষ কিছু দেখেছিলেন। আমি লকডাউনেও নিজেকে প্রস্তুত রেখেছিলাম। যাতে আরও তিন-চার বছর খেলতে পারি সেজন্য লকডাউনের মধ্যে ৭-৮ কেজি ওজন কমাই। রবীন্দ্র জাদেজা চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেলাম। সেখানকার মতো এখানেও সিরিজে পিছিয়ে পড়ে ফিরে আসা সত্যিই স্পেশ্যাল। ২০১৫-১৬-তে আমাকে অনেকে বলতেন সেরা বোলিং করছি কিনা। ২০১৬-১৭-তেও তেমনটাই হয়। নিজেকে ক্রমাগত উন্নত করার লক্ষ্যে এগিয়েছি। ভবিষ্যতে আমি নিজেই নিজেকে ফের ছাপিয়ে যেতে পারি। চারশো উইকেট পেয়ে খুবই ভালো লাগছিল। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে করতালি দিচ্ছিল। দল জেতায় আরও তৃপ্তি পেয়েছি। অক্ষরও দুর্দান্ত বোলিং করেছেন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে।

বিরাটের কুর্নিশ
রবিচন্দ্রন অশ্বিনের এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে অধিনায়ক বিরাট কোহলি বলেন, দলের প্রতি অশ্বিনের অবদান দেখে আমরা গর্বিত। আমি অশ্বিনকে বলেছি নতুন নামে ডাকব। অশ্বিন একজন লেজেন্ড, তাই সংক্ষেপে লেজ বলে ডাকব। অক্ষর প্যাটেলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক বলেন, জাদেজা চোট পাওয়ার পর বিপক্ষের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু তাঁর জায়গায় এসে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন অক্ষর। জাদেজার চেয়েও অক্ষরের বলে গতিও বেশি। আমি জানি না গুজরাতের ক্রিকেটারদের বাঁহাতি স্পিনার অলরাউন্ডার হওয়ার মধ্যে কোন জাদু রয়েছে। তাঁরা সকলেই বিপক্ষ ব্য়াটসম্যানদের ঘুম কেড়ে নিচ্ছেন। অক্ষরের নিখুঁত, অভ্রান্ত নিশানায় বোলিংয়ে সুইপ করা কঠিন, ডিফেন্ড করাও কঠিন দীর্ঘ সময়। তাঁর জন্যই তাঁকে নেওয়া এবং এমন পারফরম্যান্স সত্যিই অসাধারণ। অশ্বিনের চারশো টেস্ট উইকেটকে গ্রেট অ্যাচিভমেন্ট বলে উল্লেখ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

অক্ষরের নতুন নাম
টেস্ট চলাকালীন স্টাম্প মাইকে শোনা গিয়েছে অক্ষর প্যাটেলকে ওয়াসিম ভাই বলে ডাকছেন ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানেরা। এর কারণ জানিয়েছেন এই ম্যাচে ৭০ রানের বিনিময়ে ১১ উইকেট নেওয়া অক্ষর নিজেই। ম্যাচের নায়ক বলেন, সতীর্থরা মনে করেন আমার আর্ম-বল খুব বিপজ্জনক। এ ব্যাপারে ওয়াসিম আক্রমের সঙ্গে মিল খুঁজে পেয়ে আমাকে এই নামে প্রথম ডাকা শুরু করেন আজ্জুভাই (রাহানে), সেই নামে পরে ডাকতে শুরু করেন ঋষভ পন্থ। তিন ইনিংসে টানা পাঁচ উইকেট নেওয়া অক্ষর আরও বলেন, ব্যাট হাতে যখন সফল হচ্ছি না তখন বল হাতে এই ফর্ম ধরে রাখতে চাই। উইকেট-টু-উইকেট বল করি, ব্যাটসম্যানদের জায়গা দিই না। এতে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি সহজ হয়। তাঁরা তখন তুলে মারতে যান বা সুইপের আশ্রয় নেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১১টি পিচ রয়েছে। তবে অক্ষর মজা করে বলেন, উইকেট যখন পাচ্ছি তখন চাইব ঠিক এমন উইকেটই শেষ টেস্টেও থাক।

পিচ নিয়ে অভিযোগ নেই
ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের সহায়ক ছিল। দুই দলই খারাপ ব্যাটিং করেছে। পিচ নিয়ে অভিযোগ নেই ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের। তিনি বলেন, আমরা সব বিভাগেই পরাস্ত। লজ্জা স্বীকারে দ্বিধা নেই। খারাপ লাগছে দর্শকদের জন্য। দুই দিনে খেলা শেষ হয়ে গেল। দর্শকরা আমার বোলিং দেখতে আসেননি, আমার বল করার দরকার হতো না। তাঁরা দেখতে এসেছিলেন অশ্বিনের বিরুদ্ধে বেন স্টোকস কেমন খেলেন বা অ্যান্ডারসন, লিচ, ব্রডদের কীভাবে খেলেন বিরাট। কিন্তু তা হলো না যা হতাশার। এসজি বল নিয়ে রুট বলেন, সিমের শক্ত ভাব আর বলের কোটিং বা আস্তরণ অন্য এসজি বলের মতো নয়। এই উইকেটে তাই এই বলে পেস আদায় করে নিয়েছেন স্পিনাররা। বলের লাইনে গিয়েও আমরা পেসের কাছে পরাস্ত হয়েছি। অক্ষর যেভাবে বল সঠিক জায়গায় ব্যবহার করে উইকেট তুলে নিয়েছেন তার প্রশংসাও করেন রুট।












Click it and Unblock the Notifications