সাউদাম্পটনে সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভাবনা শুরু বিরাটদের
আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্ট তিন দিনেই জিতে নিয়েছে ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জেতায় বিরাট কোহলির দল পৌঁছে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। জুনের ১৮ তারিখ থেকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যোগ্য দল হিসেবেই ভারত ফাইনালে উঠেছে বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

বিরাটের দাবি
ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পর বিসিসিআইয়ের টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ওই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরাট কোহলি ও তাঁর সতীর্থরা। ভারত অধিনায়ক বলেন, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পর অনেকটাই চাপমুক্ত লাগছে। গত দুই-আড়াই বছর ধরে আমরা যেভাবে খেলেছি তাতে ফাইনালে যোগ্য দল হিসেবেই আমরা পৌঁছেছি। ফাইনাল নিঃসন্দেহে বড় ম্যাচ। আমরা সকলেই ওই ম্যাচটি নিয়ে উত্তেজিত। বড় ম্যাচে যেভাবে আমরা দলগতভাবে ফোকাস করি, এক্ষেত্রেও সেটাই হবে।

আত্মবিশ্বাসী রাহানে
ভারতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, আমারা দলগতভাবে যেভাবে খেলছি তাতে প্রত্যেকের অবদান রয়েছে। প্রত্যেকে নিজের সেরাটা দিতে সব সময় প্রস্তুত। দলগতভাবে সাফল্যটাই আসল বিষয়। আমার কে কীভাবে দলের জন্য কিছু করতে পারি সেই ভাবনাই চলে আমাদের মধ্যে। আমি দলের একজন এবং সহ অধিনায়ক হিসেবে গর্বিত। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপই নয়, তার অনেক আগে থেকেও আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি।

উচ্ছ্বসিত রোহিত
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পৌঁছে দিতে অন্যতম বড় ভূমিকা রয়েছে রোহিত শর্মার চওড়া ব্যাটের। ফাইনালে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর রোহিত বলেন, সকল সতীর্থ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর দীর্ঘ পথ আমরা অতিক্রম করে এই জায়গায় এসেছি। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও আমরা ভালো খেলেছি। এর মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দল গিয়েছে। তা সামলে নেওয়াতেই যোগ্য দল হিসেবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।

লর্ডস থেকে সরতে পারে ফাইনাল
নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকেই ফাইনালে উঠেছে ভারত। ১৮ থেকে ২২ জুন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২৩ তারিখ রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে লর্ডস থেকে ফাইনাল সরতে পারে সাউদাম্পটনে। করোনা পরিস্থিতিতে এখানেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সাউদাম্পটন এগিয়ে রয়েছে কারণ এখানে স্টেডিয়ামের সঙ্গেই রয়েছে পাঁচতারা হোটেল। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের এজিয়াস বাউল স্টেডিয়ামে ফাইনাল আয়োজন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চূড়ান্ত ঘোষণা করবে আইসিসি।












Click it and Unblock the Notifications