ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভরসা দিল ভারতের ওপেনিং জুটি, ছন্দে রোহিত
ওভাল টেস্টের তৃতীয় দিনে মেঘলা আবহাওয়ায় পরিস্থিতি অনুকূল বোলারদের জন্য। তারই মধ্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস ভারত ১ উইকেট হারিয়ে টপকে গেল ওপেনিং জুটির সৌজন্যেই। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি আপাতত বিরাট কোহলিদের টেস্টে চিন্তামুক্তও করল। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৪২ ওভারে ১ উইকেটে ১০৮। রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা ক্রিজে রয়েছেন।

চলতি সিরিজে এই নিয়ে তৃতীয়বার ভারতের ওপেনিং জুটি ৫০-এর বেশি রান যোগ করল। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের দুই ইনিংসে উঠেছিল ৯৭ ও ৩৪। লর্ডসের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে রোহিত-রাহুল জুটিতে ওঠে ১২৬, দ্বিতীয় ইনিংসে ১৮। লিডসের হেডিংলিতে তৃতীয় টেস্টে ওপেনিং জুটি ১ রানে ভাঙলেও দ্বিতীয় ইনিংসে উঠেছিল ৩৪। ওভালে প্রথম ইনিংসে ২৮ রানের মাথায় আউট হয়েছিলেন রোহিত শর্মা। দলের ২৮ রানের মাথাতেই ফেরেন রাহুল। তবে আজ ভারতের ওপেনিং জুটি ভাঙল ৮৩ রানের মাথায়। যদিও রাহুলের কট বিহাইন্ড নিয়ে সংশয় থাকছেই।

১০১ বল খেলে রাহুল ৪৬ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হন। ৬টি চার ও একটি ছক্কা মেরেছেন। রোহিত শর্মা এখনও অবধি ১৩১ বল খেলে পাঁচটি চারের সাহায্যে ৪৭ রান করেছেন। টেস্ট কেরিয়ারের ১৫তম অর্ধশতরান থেকে তিনি তিন রান দূরে। ২১ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি তিনটি বাউন্ডারি মেরেছেন। ওভালের পিচ এখনও ব্যাটিং সহায়কই। ভারতীয় দল বড় রানের লিড নিয়ে ইংল্যান্ডকে চেপে ধরতে চাইবে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের ফাঁকে গতকালই রোহিত ১৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন। প্রথম টেস্টে তিনি করেছিলেন ৩৬ ও ১২। দ্বিতীয় টেস্টে রোহিতের ব্যাট থেকে আসে ৮৩ ও ২১। লিডস টেস্টে তিনি ১৯ ও ৫৯ রানে আউট হয়েছিলেন। নিশ্চিতভাবেই এই টেস্টে অর্ধশতরান পূর্ণ করার পর শতরানের লক্ষ্যেই এগোতে চাইবেন। রাহুল প্রথম টেস্টে করেছিলেন ৮৪ ও ২৬। লর্ডসে ১২৯ ও ৫ রান করে হন ম্যাচের সেরা। লিডস টেস্টের প্রথম ইনিংসে ০ রানে আউট হন, দ্বিতীয় ইনিংসে করেন ৮। ওভালে প্রথম ইনিংসে রোহিত ও রাহুলের রান ছিল যথাক্রমে ১১ ও ১৭। তাঁরা ইংল্যান্ডে যেভাবে দলকে ভরসা দিলেন তাতে আগামী বেশ কয়েকটি টেস্টে ভারতের এই ওপেনিং জুটিকেই দেখা যাবে বলে নিশ্চিত বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications