বিরাটের চিন্তা বাড়াতে পারে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ভয়াবহ রেকর্ড

লিডসে হারের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিনে নেমে গিয়েছে ভারত। বিরাট কোহলিদের সরিয়ে সিংহাসন দখল করে বসেছে বাবর আজমের পাকিস্তান। জো রুটের ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ইনিংসে জিতে সমতা ফিরিয়েছে। লন্ডনের কেনিংটন ওভালে বৃহস্পতিবার থেকে চলতি সিরিজের চতুর্থ টেস্ট। যদিও এই মাঠে ভারতের ভয়াবহ পরিসংখ্যান বিরাটদের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট।

ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ভয়াবহ রেকর্ড

ওভালে ভারত ২০১৮ সাল পর্যন্ত মোট ১৩টি টেস্ট খেলেছে। জিতেছেন মাত্র একটিতে ১৯৭১ অজিত ওয়াদেকারের অধিনায়কত্বে। তারপর এই মাঠে আটটি টেস্ট খেলেছে ভারত। পাঁচটি ড্র। শেষ তিন সাক্ষাতে ইংল্যান্ডের কাছে হার। ওভালে ভারত স্বাধীনতার আগে দুটি টেস্ট খেলেছে। বিজয়নগরমের মহারাজ বিজয় আনন্দের অধিনায়কত্বে প্রথম টেস্ট ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ১৯৩৬ সালের অগস্টে, সেই টেস্টে পরাজয় ৯ উইকেটে। ১০ বছর পর অগস্টেই ভারত খেলতে গিয়েছিল ইফতিকার আলি খান পতৌদির নেতৃত্বে, সেই টেস্ট ড্র হয়। স্বাধীনতার পর ভারত ওভালে প্রথম খেলে ১৯৫২ সালের অগাস্টে, বিজয় হাজারের নেতৃত্বে। সেই টেস্টটিও ড্র। ১৯৫৯ সালের অগাস্টে দত্ত গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত ইংল্যান্ডের কাছে ওভালে পরাজিত হয় ইনিংস ও ২৭ রানে। ১৯৭১ সালে অজিত ওয়াদেকারের নেতৃত্বে সেই অগাস্টেই ভারত ওভাল টেস্টে জয় ছিনিয়ে ঐতিহাসিক সিরিজ পকেটে পুরেছিল। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও রে ইলিংওয়ার্থের ইংল্যান্ডকে ভারত হারিয়েছিল ৪ উইকেটে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয়েছিল ১০১ রানে, ভাগবৎ চন্দ্রশেখর ৩৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৫৫ তোলে, ভারত করে ১৮৪। এরপর ইংল্যান্ড ১০১ রানে শেষ হতেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

এই ঐতিহাসিক সিরিজ জয়ের পর ওভালে ভারত-ইংল্যান্ড টানা পাঁচটি টেস্ট ড্র হয়। ১৯৭৯ সালের অগাস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩০৫ রানের জবাবে শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনের নেতৃত্বাধীন ভারত করে ২০২। ইংল্যান্ড ৮ উইকেটে ৩৩৪ তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ারের পর ভারত ম্যাচ বাঁচিয়েছিল সুনীল গাভাসকরের ৪৪৩ বলে ২২১ রানের সৌজন্যে। চেতন চৌহান করেছিলেন ৮০। ভারত শেষ অবধি ৮ উইকেটে করে ৪২৯। ১৯৮২ সালের জুলাইয়ে সুনীল গাভাসকরের নেতৃত্বাধীন ভারত ফের ওভাল টেস্ট ড্র করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৯০ সালের অগাস্টে ওভালে রবি শাস্ত্রীর ১৮৭ ও আটে নামা কপিল দেবের ১১০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬০৬ তুলে ইংল্যান্ডকে ফলো অনে বাধ্য করিয়েও জয় ছিনিয়ে নিতে পারেনি মহম্মদ আজহারউদ্দিনের ভারত। শাস্ত্রী ম্যাচের সেরা নির্বাচিত হন। ২০০২ সালের সেপ্টেম্বরে ওভাল টেস্টে ভারত খেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। রাহুল দ্রাবিড় ২১৭ রান করে হয়েছিলেন ম্যাচের সেরা। ২০০৭ সালের অগাস্টে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতও ওভাল টেস্টে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে। অনিল কুম্বলে ১১০ রান করে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসে। ম্যাচে ৫ উইকেট নিয়ে তিনিই ম্যান অব দ্য ম্যাচ হন।

তবে শেষ তিনটি সাক্ষাতে তিনবারই ইংল্যান্ড ভারতকে ওভালে হারিয়েছে। ২০১১ সালের অগাস্টে রাহুল দ্রাবিড় ওপেন করতে নেমে অপরাজিত ১৪৬ রান করা সত্ত্বেও ফলো অনে বাধ্য হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ইয়ান বেল ২৩৫ করে ম্যাচের সেরা হন, কেভিন পিটারসেন ১৭৫ করায় ইংল্যান্ড ৬ উইকেটে ৫৯১ রান তুলেছিল। ভারত ইনিংস ও ৮ রানে হারে। চার টেস্টের সিরিজে ভারতের হোয়াইটওয়াশ সম্পন্ন হয় ওভালেই। তিন বছর পর ২০১৪-র অগাস্টে ধোনির ভারতকে ইনিংস ও ২৪৪ রানে হারায় ইংল্যান্ড। জো রুট সেই টেস্টে ১৪৯ করে অপরাজিত ছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল ৯৪ রানে। ১৮ রানে চার উইকেট নেন ক্রিস জর্ডন। অ্যান্ডারসন দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন দুটি উইকেট। ২০১৮ সালের অগাস্টে বিরাট কোহলির ভারতকে জো রুটের ইংল্যান্ড হারায় ১১৮ রানে। এই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অ্যালাস্টেয়ার কুক ১৪৭ করেন। জো রুটের ব্যাট থেকে এসেছিল ১২৫। লোকেশ রাহুলের ১৪৯ ও ঋষভ পন্থের ১১৪ রান সত্ত্বেও মিডল অর্ডারের ব্যর্থতায় ভারত এই টেস্ট হেরেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+