চতুর্থ টেস্টে তিন দিনেই ইংল্যান্ড বধ ভারতের, জয় ইনিংসে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট শিবির
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন দিনেই চতুর্থ টেস্ট জয় ভারতের, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র বিরাটদের
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই দিনেই দিন রাতের টেস্ট জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ততটা বাড়াবাড়ি না হলেও একই মাঠে একই দলের বিরুদ্ধে চতুর্থ টেস্ট তিন দিনে জয় হাসিল করল বিরাট কোহলি শিবির। এক ইনিংস ও ২৫ রানে ম্যাচ জিতল ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে গেল ভারত। লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

অন্যদিকে আরও একবার স্পিন অস্ত্রে কাবু হল ইংল্যান্ড। আহমেদাবাদের যে ঘূর্ণি পিচে জ্যাক লিচ, ডম বেসদের রীতিমতো তুলোধোনা করে প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে ভারত, সেই পিচে তৃতীয় ইনিংসে ১৬০ রানও তুলতে পারলেন না জো রুটরা। রবিচন্দ্রণ অশ্বিন ও অক্ষর প্যাটেলের বিক্রমে আরও একবার গুটিয়ে গেল ব্রিটিশদের ব্যাটিং বিভাগ। বেরিয়ে এলে দলের কঙ্কাল। অন্যদিকে প্রথম ম্যাচ হেরেও ভারতের এই সিরিজ জয়কে ঐতিহাসিক হিসেবেই দেখছে ক্রিকেট মহল।
ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ভারতীয় বোলারদের বিক্রমে প্রথম দিন শেষ হওয়ার আগেই ২০৫ রানে শেষ হয়ে যায় জো রুটদের প্রথম ইনিংস। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বেন স্টোকস। ৩৬ রান করেন ডান লরেন্স। ভারতের হয়ে বল হাতে আবারও জ্বলে ওঠেন অক্ষর প্যাটেল। ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন। ২ ও ১ উইকেট নেন যথাক্রমে মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ভারতীয় দলে শুরুতেই বড়সড় ধাক্কা খায়। শূন্য রানে সাজঘরে ফিরে যান শুভমান গিল। আবারও ব্যর্থ হন চেতেশ্বর পূজারা। মাত্র ১৭ রান আসে তাঁর ব্যাট থেকে। কোনও রান না করেই সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এরপর ওপেনার রোহিত শর্মা ও সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের মধ্যে ৩৯ রানের পার্টনারশিপ হয়। ২৭ রান করে আউট হয়ে যান জিঙ্কস। অর্ধশতরান থেকে ১ কদম দূরে থাকা অবস্থাতেই সাজঘরে ফিরে আসতে হয় রোহিতকেও।
১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে টেনে তোলেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। দুই ক্রিকেটারের মধ্যে ১১৩ রানের পার্টনারশিপ হয়। মাঠে চতুর্দিকে শট খেলে দুর্দান্ত শতরানের সঙ্গে ১ রান যোগ করে আউট হন ভারতীয় উইকেটরক্ষক। এরপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ওয়াশিংটন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। দুই ক্রিকেটারের মধ্যে ১০৬ রানের পার্টনারশি হয়। ৪৩ রান করে আউট হন প্যাটেল। ৯৬ রানে অপরাজিত থাকেন সুন্দর। জীবনের প্রথম টেস্ট শতরান থেকে একটুর জন্য বঞ্চিত হন ভারতীয় অফ স্পিনার।
ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসন। চার উইকেট নেন বেন। ৩ উইকেট নিয়েছেন জিমি। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নামা ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ব্যর্থ হন জ্যাক ক্রাওলে (৫), ডম সিবলে (৩), জনি বেয়ারস্টো (০), জো রুট (৩০), বেন স্টোকস (২), ওলি পোপ (১৫)। ম্যাচের তৃতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ড্যান লরেন্স। ভারতের হয়ে ৫টি করে উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন ও অক্ষর প্যাটেল।












Click it and Unblock the Notifications