IND-W vs AUS-W: অভিষেক টেস্টেই অর্ধশতরান রিচার, অজিদের বিরুদ্ধে বড় রানের পথে ভারতীয় মহিলা ব্রিগেড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে ভারতীয় মহিলার দল। প্রথম ইনিংসে বড় রানের পথে হরমনপ্রীত ব্রিগেড। ১ উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারতীয় মহিলা। চার ভারতীয় ব্যাটারের অর্ধশতরানে ভর করে দিনের শেষে স্মৃতিদের স্কোর ৭ উইকেটে ৩৭৬। ইতিমধ্যেই ১৫৭ রানের লিড নিয়ে নিয়েছে ভারত।
ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নাম থাকলেও প্রথমদিনে শেষবেলায় বঙ্গ তনয়াকে ক্রিজে নামায়নি টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় দিনের সকালে চার নম্বরে নামেন রিচা ঘোষ। স্মৃতি মান্ধানার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও স্মৃতি ফেরেন ৭৪ রানে। অর্ধশতরান পূর্ণ করার পর সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন স্মৃতি। কিন্ত ৭৪ রানে রান আউট হলেন স্মৃতি।

জেমাইমাও অর্ধশতরান পূর্ণ করলেন। ৭৩ রানে আউট হলেন ভারতীয় এই মহিলা ব্যাটার। যদিও অধিনায়ক হরমনপ্রীত কৌর খাতা খুলতেই পারলেন না। এমনকি ১ রানে আউট হলেন স্বস্তিক ভাটিয়া। এরপর শেষ বেলায় ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বাংলার আরও এক প্রতিনিধি দীপ্তি শর্মা। তিনি ৭০ রানে অপরাজিত আছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন পূজা বস্ত্রকার। তিনিও ৩৩ রানে অপরাজিত আছেন।
প্রথম দিনে অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রথম ইনিংস শেষ হল ২১৯ রানে। ৪০ রানে আউট হন বেথ মুনি। তবে ম্যাকগ্রাথ দ্রুত নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেই স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।এরপর আরও কোনও অজি ব্যাটার বড় রান পাননি। শেষ পর্যন্ত পূজা চারটি এবং স্নেহ রানা তিনটি উইকেট নেন।
কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতে ভারতের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দারুণ শুরু হরমনপ্রীতদের। তৃতীয় দিনের শুরুতেই লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে ভারতীয় মহিলা দলের। যাতে দ্বিতীয় ইনিংসে চাপ আরও বাড়ে অজিদের উপর। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ভারতীয় মহিলা ব্রিগেড।












Click it and Unblock the Notifications