IND vs BAN: ব্যাটার বাড়িয়ে ভারতে আসছে বাংলাদেশ, পাকিস্তানে সিরিজ জয়ী দলে একটিই পরিবর্তন
IND vs BAN: চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে। তার আগে আজ ভারতে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ।
পাকিস্তানে যে দল সিরিজ জিতেছিল তাতে একটিই পরিবর্তন হয়েছে। শরিফুল ইসলামের জায়গায় নেওয়া হয়েছে ব্যাটার জাকের আলিকে।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট চলাকালীন শরিফুলের কুঁচকিতে চোট লেগেছিল। যার জেরে তিনি দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। পেসার শরিফুলের জায়গায় বাংলাদেশ ভারত সফরের টেস্ট দলে নিয়েছে জাকের আলিকে। জাকের বাংলাদেশের হয়ে ১৭টি টি২০ আন্তর্জাতিক খেললেও টেস্ট বা ওডিআই অভিষেক হয়নি।
গত বছর এশিয়ান গেমসে জাকেরের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। তাঁর ১টি অর্ধশতরান রয়েছে। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে চারটি শতরান ও ১৯টি অর্ধশতরান-সহ ২৮৬২ রান রয়েছে জাকেরের। গড় ৪১.৪৭।
শরিফুলের অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণ সামলানোর জন্য রয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। পাকিস্তান এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের হয়ে চার দিনের প্রস্তুতি ম্যাচে কুঁচকির চোট পাওয়ায় টেস্টে খেলতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি ভারত সফরের দলে আছেন।
যদিও মনে করা হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্টে ভালো খেলার সুবাদে শাদমান ইসলামই ওপেন করতে নামবেন জাকির হাসানের সঙ্গে। চেন্নাইয়ে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে একে, চারে রয়েছে বাংলাদেশ।
ভারত সফরে বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহিদি হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান, খালেদ আহমেদ।












Click it and Unblock the Notifications