মেলবোর্নে ৫ উইকেট শিকার সিরাজের, ৫০ বছরে চতুর্থ বোলার হিসেবে বিরল নজিরে ভারতীয় পেসার
অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে ৫ উইকেট শিকার মহম্মদ সিরাজের, লাসিথ মালিঙ্কার সঙ্গে একই তালিকায় উঠে এলেন সিরাজ
টেস্ট অভিষেকে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স মহম্মদ সিরাজের। পিতৃবিয়োগের পর এই প্রথম মাঠে নামলেন সিরাজ। বাবার স্বপ্নপূরণ করতেই পিতৃবিয়োগের পর দেশে না ফিরে অজিভূমে থেকে গিয়েছিলেন। ডনের দেশে টেস্টে অভিষেকে এবার ম্যাচ থেকে ৫ উইকেট তুলে নিয়ে এই পারফর্ম্যান্স বাবাকে উৎসর্গ করলেন ভারতীয় পেসার।

প্রথম ইনিংসে ২ উইকেট শিকারের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সিরাজ ৩৭ রান খরচ করে ৩টি উইকেট পেয়েছেন। তৃতীয় দিন হেডকে আউট করার পর আজ চতুর্থ দিনে সিরাজ আরও ২টি উইকেট পান। ফলে সব মিলিয়ে ৭৭ রান খরচ করে ম্যাচ থেকে সিরাজের শিকার ৫ উইকেট। সিরাজের দুরন্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২০০ রানে অলআউট করে ভারত।
বল হাতে এমন পারফর্ম্যান্সে ১৬ বছরের পর নতুন নজির গড়লেন সিরাজ। শেষবার ২০০৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকে সফরকারী কোনও বোলার ৫ উইকেট শিকার করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেকে লাসিথ মালিঙ্গা পাঁচের বেশি উইকেট পান (৬টি উইকেট)। সেই নজিরের পর ১৬ বছর কাটিয়ে অজিভূমে টেস্ট অভিষেকে সফরকারী বোলার হিসেবে মহম্মদ সিরাজ ৫ উইকেট পেলেন।
সব মিলিয়ে সিরাজ পঞ্চাশ বছরে চতুর্থ সফরকারী বোলার যিনি অজিভূমে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়ে পাঁচদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন। ৫০ বছরে ইংল্যান্ডের ফিল ডেফ্রেইটাস (৮৬-৮৭ মরসুমে ৯৪/৫), ইংল্যান্ডের অ্যালেক্স টুডর (৯৮-৯৯ মরসুমে ১০৮-৫), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২০০৪ সালে, ৯২/৬), ভারতের মহম্মদ সিরাজের (৭৭/৫), অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী বোলার হিসেবে টেস্ট অভিষেক ৫ উইকেট শিকারের নজির রয়েছে।












Click it and Unblock the Notifications