ICC World Cup 2023: জাম্পা ম্যাজিকে ১০ পয়েন্ট অস্ট্রেলিয়ার, বিশ্বকাপে ষষ্ঠ পরাজয় ইংল্যান্ডের
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল অস্ট্রেলিয়া। আজ আমেদাবাদে ইংল্যান্ডকে ৩৩ রানে হারাল প্যাট কামিন্সের দল। দুরন্ত বোলিং করলেন অ্যাডাম জাম্পা।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে প্রাচীনতম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের ফলাফল আজ সরকারিভাবে বিশ্বকাপ থেকে ছিটকে দিল বিশ্বচ্যাম্পিয়নদের। এবারের বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে ১০ পয়েন্টে পৌঁছল অজিরা।

টস জিতে ইংল্যান্ড ফিল্ডিং নিয়েছিল। ৪৯.৩ ওভারে ২৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। সাতটি চারের সাহায্যে ৮৩ বলে সর্বাধিক ৭১ রান মার্নাস লাবুশেনের। দুই ওপেনার ট্রাভিস হেড ১১ ও ডেভিড ওয়ার্নার ১৫ রানে আউট হন। মিচেল মার্শের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ তিনে নেমে করেন ৫২ বলে ৪৪। জানা যাচ্ছে মার্শ কাল মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
জশ ইনগ্লিস ৩, ক্যামেরন গ্রিন ৪৭, মার্কাস স্টইনিস ৩৫, প্যাট কামিন্স ১০, মিচেল স্টার্ক ১০ রান করেন। অ্যাডাম জাম্পা ১৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ব্যাটে-বলে জাম্পার পারফরম্যান্স এদিন অজিদের জয়ে বড় ভূমিকা নিল। তিনি ম্যাচের সেরার পুরস্কারও পেলেন। জশ হ্যাজলউড অপরাজিত থাকেন ১ রানে।
৯.৩ ওভারে ৫৪ রানে চার উইকেট নেন ক্রিস ওকস। মার্ক উড ও আদিল রশিদের ঝুলিতে গিয়েছে ২টি করে উইকেট। ডেভিড উইলি ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৪৮.১ ওভারে ২৫৩ রানেই শেষ ইংল্যান্ড। বেন স্টোকস ৬৪, ডেভিড মালান ৫০, মঈন আলি ৪২, ক্রিস ওকস ৩২, আদিল রশিদ ২০ রান করেন।
জনি বেয়ারস্টো প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। জো রুট ১৩, জস বাটলার ১, লিয়াম লিভিংস্টোন ২, ডেভিড উইলি ১৫ রান করেন। ১০ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট অ্যাডাম জাম্পার। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স ২টি করে উইকেট পেলেন। একটি উইকেট নেন মার্কাস স্টইনিস।
মঙ্গলবার আফগানিস্তান ও শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড বুধবার খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তারপর ১১ নভেম্বর ইডেনে তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.৫০৪। অস্ট্রেলিয়ার হলো ৭ ম্যাচে ১০ পয়েন্ট। নেট রান রেট ০.৯২৪। যা পরিস্থিতি তাতে অঘটন না ঘটলে অজিদের শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত।












Click it and Unblock the Notifications