টি ২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতেই, ফাইনাল নভেম্বরের ১৪ তারিখ
আনুষ্ঠানিক ঘোষণাই বাকি, আইপিএলের পর ভারত থেকে সরতে চলেছে টি ২০ বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএল ফাইনাল হতে পারে ১৫ অক্টোবর। ১৭ অক্টোবর থেকে শুরু হবে ১৬ দলের টি ২০ বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। আইসিসি সরকারিভাবে কিছু না জানালেও আইসিসি সূত্রে টি ২০ বিশ্বকাপের এই দিনক্ষণ জানিয়েছে ক্রিকইনফো।

সরছে বিশ্বকাপও
করোনা পরিস্থিতির জেরে ভারতে যে টি ২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় তা বোঝা যাচ্ছিল গত কয়েক মাস ধরেই। তবু দেশের করোনা পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে সময় চেয়েছিল বিসিসিআই। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পরিকল্পনা করছিলেন, জুলাই অবধি সময় দিতে আইসিসি-র কাছে ফের বোর্ডের তরফে অনুরোধ জানানোর। কিন্তু ভারতে করোনা সংক্রমণ ও তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকায় অনেক দেশ এখানে খেলতে আসতে চাইছে না। বিশ্বকাপের কর মকুবের জন্য ভারত সরকারের থেকে নিশ্চয়তা দাবি করতে বিসিসিআইয়ের উপর চাপ বাড়াতে থাকে আইসিসিও। সবমিলিয়ে যেহেতু আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতেই হচ্ছে তাই সেই দেশকেই বেছে নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা। তবে বিশ্বকাপ সরলেও তা আয়োজনের দায়িত্বে যে বিসিসিআই-ই থাকবে তা আগেই জানিয়েছিল আইসিসি।

প্রথম রাউন্ড ওমানেও
আইপিএলের বাকি ম্যাচগুলি শুরুর কথা রয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে। ডাবল হেডার বাড়ানোর পথে না হেঁটে ফাইনাল ১৫ অক্টোবর হতে পারে। ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ১৬ দলের টি ২০ বিশ্বকাপ। বিশ্বকাপ সরানোর বিষয়ে বিসিসিআই আইসিসিকে এখনও চিঠি না পাঠালেও পরিকল্পনা করে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে। আপাতত ঠিক হয়েছে, প্রথম রাউন্ডের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি আয়োজন করা হবে ওমানেও। দুবাইয়ে আইসিসি-র সদর দফতরও রয়েছে। সবমিলিয়ে টি ২০ বিশ্বকাপ মসৃণ ও নিরাপদভাবে আয়োজন করতে চাইছে আইসিসি।

প্রথম রাউন্ডের খেলা
প্রথম রাউন্ডে ১২টি ম্যাচ হবে আটটি দলের মধ্যে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছাবে সুপার ১২-এ। এই আটটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই রাউন্ড থেকে মোট চারটি দল সুপার টুয়েলভে যোগ দেবে আইসিসি ক্রমতালিকায় প্রথম আটে থাকা দলগুলির সঙ্গে।

সুপার ১২ ও প্লে অফ
সুপার টুয়েলভে থাকছে ৩০টি ম্যাচ। তা ২৪ অক্টোবর থেকে শুরু হবে। দুটি গ্রুপে থাকবে ৬টি করে দল। সুপার টুয়েলভের খেলাগুলি হবে দুবাই, আবু ধাবি ও শারজায়। এই পর্বের শেষে হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। যেহেতু সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের একটি করে মাঠে প্রথম রাউন্ডের খেলাগুলি হবে তাতে বিসিসিআই নিশ্চিত আইপিএলের পরও যথেষ্ট সময় পাওয়া যাবে সুপার টুয়েলভের ম্যাচগুলির জন্য ভালো মানের পিচ বানানোর। করোনা পরিস্থিতির জন্য ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ বাতিল করেছিল আইসিসি। এ বছর ভারত টি ২০ বিশ্বকাপ আয়োজন করছে। আগামী বছর টি ২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়।












Click it and Unblock the Notifications