আমিরশাহীতেই হবে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ
আমিরশাহীতেই হবে টি২০ বিশ্বকাপ, জানিয়ে দিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ
ভারতে নয় আমিরশাহীতেই অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের টি২০ বিশ্বকাপ। সোমবার এ কথা খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন বলে পিটিআইয়ের তরফে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে আইসিসি-র আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। তবে যেহেতু বোর্ড সভাপতি নিজে এ কথা বলেছেন, তাই সেটাকেই বেদবাক্য হিসেবে মেনে চলতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা।

কী বলেছেন সৌরভ
বিসিসিআই সচিব জয় শাহ আভাস দিয়েছিলেন আগেই। এবার পিটিআই-কে একই খবর নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন যে আইপিএলের মতো টি২০ বিশ্বকাপও ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। বিষয়টি আইসিসি-কে সূচিত করা হয়েছে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি। আপাতত বিসিসিআই সম্পূর্ণ বিষয়টি ছকে ফেলার কাজ করছে বলেও বক্তব্য মহারাজের। জানিয়েছেন, অতিমারী পরিস্থিতিতে টি২০ বিশ্বকাপের সব অংশীদারদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী বলেছেন জয় শাহ
অন্যদিকে টি২০ বিশ্বকাপ যে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তা এএনআই-কে নিশ্চিত করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। জানিয়েছিলেন যে বিসিসিআই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত সূচি এবং শুরুর দিন আইসিসি ঠিক করবে বলেও জানিয়েছিলেন জয়। যিনি দুই দিন আগে টি২০ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কেবল আভাস দিয়েছিলেন।

বিসিসিআই-কে চার সপ্তাহ সময় দিয়েছিল আইসিসি
করোনা ভাইরাসের আবহে ভারতে টি২০ বিশ্বকাপের আসর বসানো সম্ভব কিনা, তা চূড়ান্ত কথা জানাতে জুনের শুরুতে বিসিসিআই-কে চার সপ্তাহ সময় দিয়েছিল আইসিসি। একই সঙ্গে বিশ্বকাপের আয়োজনের ক্ষেত্রে কর মুকুব নিয়েও ভারত ও বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থার মধ্যে আলোচনা-পর্যালোচনা চললেও সমাধান সূত্র বেরোচ্ছিল না। সবমিলিয়ে জটিলতা এড়াতেই বিসিসিআই ভারত থেকে টি২০ বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত থেকে টুর্নামেন্ট সরলেও যে তা আয়োজনের দায়িত্বে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ডই, এ কথা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি। আবার করোনা ভাইরাসের আবহে নির্বিঘ্নে আইপিএল আয়োজন করে সংযুক্ত আরব আমিরশাহী বিশ্বকাপের মতো হাই-ভোল্টেজ টুর্নামেন্টের জন্য যোগ্য বলে প্রমাণ করেছে বলে মনে করে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক। ভারতে মেগা টুর্নামেন্টের আসর বসানো হলে মুম্বই, পুনে এবং আহমেদাবাদে ম্যাচগুলি আয়োজন করা হবে বলে জানিয়েছিল বিসিসিআই। কিন্তু ওই তিন শহরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে যে সমস্যা হতে পারে, সে কথাও ভাবতে হয়েছে আইসিসি-কে। তাছাড়া করোনা ভাইরাসে ব্যাপক প্রভাবিত ভারতের ওপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলির যাতায়াতে নিষেধাজ্ঞার বিষয়টিও এই সিদ্ধান্তের পিছনে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

কবে থেকে শুরু হতে পারে টি২০ বিশ্বকাপ
করোনা ভাইরাসের জেরে ২০২১ সালের অসমাপ্ত আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে। সম্ভবত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এই ক্রিকেট ষজ্ঞ। ১৫ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। এর দুই থেকে তিন দিন পর আমিরশাহীতেই টি২০ বিশ্বকাপ শুরু হলে ভারতীয় ক্রিকেটারদের কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলে বিসিসিআইয়ের এক সূত্রের তরফে জানানো হয়েছিল। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, এই ইস্যুতে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications