ICC CWC 2023: ইংল্যান্ডকে বিশ্বকাপের আসরে ২০ বছর পর হারাল ভারত, রোহিত কোন বিভাগে উন্নতি চাইছেন?
ICC CWC 2023: আইসিসি ইভেন্টে খেতাব জিততে না পারার খরা ভারত চলতি বিশ্বকাপে মেটাতে পারবে কিনা তা স্পষ্ট হতে আরও বেশ কিছুদিন। কিন্তু আজ লখনউয়ে ভারত মিটিয়ে ফেলল ২০ বছরের দীর্ঘ খরা।
একানা স্টেডিয়ামে ভারতীয় বোলারদের দাপটে অসহায় আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ১০০ রানে জয় ছিনিয়ে ২০ বছর পর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় নিশ্চিত করল ভারত।

২০০৩ সালের পর ইংল্যান্ডকে ৫০ ওভারের বিশ্বকাপের আসরে পরাস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড বিদায় নিল। বাকি তিনটি ম্যাচে জস বাটলাদের পারফরম্যান্সে নির্ভর করবে ইংল্যান্ড ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কিনা। বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম সাতটি দল ওই টুর্নামেন্ট খেলবে। পাকিস্তান খেলবে আয়োজক দেশ হিসেবে।
দেশকে শততম ম্যাচে নেতৃত্ব দিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তৃপ্ত রোহিত। তিনি বলেন, এই ম্যাচেও আমাদের দলের ক্রিকেটাররা চারিত্রিক দৃঢ়তার নমুনা রেখেছেন। প্রয়োজনের সময় সমস্ত অভিজ্ঞ ক্রিকেটার রুখে দাঁড়ানোয় জয় নিশ্চিত হয়েছে। প্রথম পাঁচটি ম্যাচে আমরা রান তাড়া করে জিতেছি। আজ আমাদের প্রথম ব্যাট করার চ্যালেঞ্জ সামলাতে হয়েছে।
রোহিতের কথায়, পিচ সম্পর্কে ধারণা ছিল। আমাদের বোলাররা অভিজ্ঞ। ফলে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছনো জরুরি ছিল। ব্যাটিং খুব ভালো হয়নি। প্রথম পাওয়ারপ্লেতে তিনটি উইকেট হারানোর মতো পরিস্থিতি কখনও কাম্য নয়। কিন্তু ওই পরিস্থিতিতে জরুরি ছিল বড় পার্টনারশিপ গড়া, সেটা আমরা করতে পেরেছি। কিন্তু তারপরই আমার উইকেট-সহ দ্রুত ২ উইকেট হারাই।

রোহিত মনে করছেন, ভারতের আরও ৩০ রান তোলা দরকার ছিল। তারপরও জোরে বোলাররা যেভাবে পরিস্থিতির সদ্ব্যবহার করে নিয়ন্ত্রিত বোলিং করে ইংল্যান্ডকে চেপে ধরেন তাতে সন্তুষ্ট রোহিত। স্যুইং ও ল্যাটারাল মুভমেন্ট হচ্ছিল। ভারতীয় দলের বোলিংয়ের ভারসাম্যেরও প্রশংসা করেছেন রোহিত। সিমারদের সঙ্গে স্পিনাররাও অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন।
পরের ম্যাচগুলিতে প্রথমে ব্যাট করতে হলে বোলারদের জন্য আরও বেশি রানের পুঁজি দিতে সতীর্থদের আহ্বানও করেছেন রোহিত। তিনি বলেন, আজকের ম্যাচে প্রথমদিকে নতুন বল সামলানো চ্যালেঞ্জিং ছিল। পরের দিকে বল নরম হতে স্ট্রাইক রোটেট করার কাজটাও কঠিন হয়ে যায়। ভারতের পরবর্তী ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়েতে, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications