ICC CWC 2023: স্টোকসের শতরানে বিশ্বকাপে নেদারল্যান্ডস বধ, চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় জমিয়ে শহরে আসছে ইংল্যান্ড
ICC CWC 2023: বিশ্বকাপে খেতাব দখলে রাখার স্বপ্নভঙ্গ হয়েছে অনেক আগেই। তবে আজ পুনেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের দৌড়ে দারুণভাবেই ফিরল ইংল্যান্ড।
টস জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। বেন স্টোকসের শতরানের সৌজন্যে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ তোলে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৭৯ রানেই শেষ নেদারল্যান্ডস। যার ফলে পয়েন্ট তালিকায় দশ থেকে একেবারে সাতে উঠে এলো ইংল্যান্ড।

স্টোকস এদিন ৬টি করে চার ও ছয়ের সাহায্যে ৮৪ বলে ১০৮ রান করেন। ৭৪ বলে ৮৭ রান করে রান আউট হন ডেভিড মালান। ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস। বাস ডি লিড তিনটি এবং আরিয়ান দত্ত ও লোগান ভ্যান বিক দুটি করে উইকেট নেন। জবাবে ৩৭.২ ওভারেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। তেজা নিদামানুরু ৪১ রানে অপরাজিত থাকেন।
মঈন আলি ৮.২ ওভারে ৪২ ও আদিল রশিদ ৮ ওভারে ৫৪ রান খরচ করে তিনটি করে উইকেট দখল করেন। ডেভিড উইলি ২টি ও ক্রিস ওকস একটি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ড চলতি বিশ্বকাপে শেষ ম্যাচ শনিবার খেলতে ইডেন গার্ডেন্সে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে কাল কলকাতায় আসছেন জস বাটলাররা।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে চলতি বিশ্বকাপের সাতটি দল, সেই সঙ্গে আয়োজক দেশ হিসেবে থাকবে পাকিস্তান। ৮ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে উঠে এলো ইংল্যান্ড। পাকিস্তান রয়েছে পাঁচে। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে। ফলে ইংল্যান্ড যদি পাকিস্তানকে হারায় তাহলে পৌঁছে যাবে ৬ পয়েন্টে।
৬ পয়েন্টে পৌঁছলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। শ্রীলঙ্কা রয়েছে নবম স্থানে। কাল জিতলে তাদের পয়েন্ট হবে ৬। শ্রীলঙ্কার নেট রান রেট (-১.১৬০), ইংল্যান্ডের (-০.৮৮৫), ছয়ে থাকা আফগানিস্তানের নেট রান রেট (-০.৩৩৮)। আফগানিস্তানের শেষ ম্য়াচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আফগানিস্তান ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে গিয়েছে।
কাল শ্রীলঙ্কা যদি হেরে যায় তাহলে তারা আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে তাদের পয়েন্ট হবে পাঁচ। বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশ আপাতত রয়েছে আটে, ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে, নেট রান রেট মাইনাস (-) ১.১৪২। ফলে ইডেনে জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে ইংল্যান্ড। হারলে ভরসা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। নেদারল্যান্ডস নেমে গেল দশম স্থানে।












Click it and Unblock the Notifications