ভারতে খেলা নিয়ে জটিলতা! আইসিসি সমস্যা সমাধানে সচেষ্ট, দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
আইসিসি টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি উদ্বেগ নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মতি জানিয়েছে। এদিন এমনই দাবি করেছে বিসিবি। অর্থাৎ বাংলাদেশের দাবি নাকচ করা হয়েছে, এই খবরকে আপাতত মাঠের বাইরে পাঠানো হয়েছে।
ভারত-বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট নিয়েও দ্বন্দ্ব শুরু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ বিসিবি আইসিসির কাছে লিখিতভাবে দাবি করে, ভারতে তাদের চারটি বিশ্বকাপ ম্যাচ সহ-আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, "আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিসিবির উদ্বেগের জবাবে, যার মধ্যে দলের ম্যাচের স্থান পরিবর্তনের অনুরোধও ছিল, আইসিসি প্রতিক্রিয়া পাঠিয়েছে।"
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "তাদের যোগাযোগে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আইসিসি উত্থাপিত উদ্বেগগুলি মোকাবিলায় বিসিবির সাথে নিবিড়ভাবে কাজ করতে ইচ্ছুক এবং নিশ্চিত করেছে যে, ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির ইনপুটগুলিকে স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।"
তবে এই ইস্যুতে আইসিসি এখনও প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি। ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি২০ বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications