এখনও আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে পারে কেকেআর, প্রয়োজন কী কী শর্ত
আইপিএল ২০২০ : এখনও প্লে-অফে পৌঁছতে পারে কেকেআর, প্রয়োজন কী কী শর্ত
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে আইপিএল ২০২০-এর প্লে-অফ পৌঁছনোর রাস্তা কার্যত বন্ধ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তা বলে টুর্নামেন্টের নক আউটে পৌঁছনো যে সম্ভব নয়, এমনটাও কিন্তু নয়। কয়েকটি শর্ত কাজ করলে চলতি আইপিএলের শেষ চারে জায়গা করে নেওয়া এখনও সম্ভব কেকেআরের পক্ষে। সেগুলি দেখে নেওয়া যাক।

রাজস্থানকে হারাতেই হবে
১ নভেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-তে নিজেদের শেষ লিগের ম্যাচ খেলবে কেকেআর। প্লে-অফে পৌঁছনোর সম্ভবনা কিছুটা হলেও জিইয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ইয়ন মর্গ্যান নেতৃত্বাধীন দলকে। শুধু তাই নয়, জয়ের ব্যবধান বড় হওয়া প্রয়োজন।

পাঞ্জাবকে হারতে হবে দুটি ম্যাচ
আজ আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্লে-অফে পৌঁছতে এই ম্যাচ জিততেই হবে কেএল রাহুলদের। আজ হেরে গেলে কেকেআরের সঙ্গে একই জায়গায় এসে দাঁড়াবে। পাঞ্জাব তাদের অবশিষ্ট একটি ম্যাচও হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। সেক্ষেত্রে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জোরালো হবে।

রান রেট গুরুত্ব পাবে
১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। দলের নেট রান -০.৪৬৭। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্টে অবস্থান করছে। তাদের নেট রান রেট -০.০৪৯। লিগ পর্যায়ের শেষে পয়েন্টের নিরিখে কেকেআর ও পাঞ্জাব একই স্থানে গিয়ে দাঁড়ালে দুই দলের নেট রান রেট বিচার করা হবে। সেখানে ইয়ন মর্গ্যানরা এগিয়ে থাকলে প্লে-অফে পৌঁছনোর রাস্তা পরিষ্কার হবে।

হারতে হবে হায়দরাবাদকেও
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাক ও রাজস্থান রয়্যালস। কেকেআর-কে প্লে-অফে পৌঁছতে হলে দুই দলকেই কমপক্ষে একটি করে ম্যাচ হারতেই হবে।












Click it and Unblock the Notifications