পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী ভারত, মন্তব্য সৌরভের, কেমন হতে পারে দুই দলের একাদশ?
আজ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের সামনে পাকিস্তান। ফাইনালে এই দুই দল গেলে এই টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ হবে তিনবার।
আজকের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়।

সৌরভের কথায়, ভারত বাকি দলগুলির চেয়ে অনেক ভালো। বলছি না, বাকিরা গুণমানে পিছিয়ে পড়েছে। তবে ভারতই এগিয়ে। টি২০ ফরম্যাটে দুই দলের মধ্যে ফারাক কম হয়। খেলা যত ছোট হবে, তত এই ফারাক কমে। ভারত অনেক শক্তিশালী। টি২০-তে এক-আধদিন ব্যাটে লাগতেই পারে। শেষ ১০ বছরে দুই দলের দ্বৈরথের পরিসংখ্যান দেখলেই পুরো চিত্রটা স্পষ্ট হয়ে যাবে।
দুবাইয়ের উইকেটের চরিত্র অনুযায়ী ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন স্পিনাররা। অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী থাকলেও সৌরভ এক প্রশ্নের উত্তরে বলেন, কুলদীপ যাদব শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, সব ম্যাচেই ফ্যাক্টর। এশিয়া কাপে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি কতটা সারা যাচ্ছে সে প্রশ্নের জবাবে সৌরভ বলেন, দুটো টুর্নামেন্ট আলাদা। আগে এটা খেলে নিক। তারপর বিশ্বকাপ।
২০১৪ সাল থেকে ধরলে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ৮টি টি২০ আন্তর্জাতিকের সাতটিতেই জিতেছে রান তাড়া করা দল। দুবাইয়ে হওয়া তিনটির তিনটিতেই। আজও টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে বলে মনে করা হচ্ছে। দলের ব্যাটিং গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, আমরা খুব ভাগ্যবান যে সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। আট নম্বর পর্যন্ত। সে কারণেই পরিস্থিতি বুঝে একাদশ চূড়ান্ত করা হবে।
মনে করা হচ্ছে, ভারত বিশেষজ্ঞ পেসার হিসেবে জসপ্রীত বুমরারহকেই রাখবে। প্রয়োজনে সিম বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে হাত ঘোরাবেন। প্রতিপক্ষকে চেপে ধরতে ভারতের বাজি স্পিনাররাই।
ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ- সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আব্রার আহমেদ।












Click it and Unblock the Notifications