আইপিএলের প্লে অফে যেতে কোন ছকে খেলবে কলকাতা নাইট রাইডার্স? জানালেন দীনেশ কার্তিক
আইপিএলের দ্বিতীয় পর্বের খেলাগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। ২০ সেপ্টেম্বর ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন কেকেআরের সামনে তিনে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আট দলের মধ্যে নাইটদের অবস্থান সাতে। তা সত্ত্বেও কেকেআর প্লে অফ খেলতে পারবে বলে নিশ্চিত প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক।

আত্মবিশ্বাসী দীনেশ
ইংল্যান্ডে ধারাভাষ্যের কাজ সেরে আবু ধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন কার্তিক। গতকাল তিনি নেটে যেভাবে অনুশীলন করেছেন তাতে তাঁকে বোলিং করার পর সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন, এতদিন ক্রিকেট না খেললেও ছন্দেই রয়েছেন কার্তিক। গত বছর নাইটরা শেষ করেছিল পঞ্চম স্থানে থেকে। নেট রানের কারণে ছিটকে যেতে হয়েছিল প্লে অফের লড়াই থেকে। এবার সাত ম্যাচে নাইটরা দুটিতে জিতেছে, হেরেছে পাঁচটিতে। তা সত্ত্বেও কেকেআর প্লে অফে পৌঁছাতে পারবে বলে প্রত্যয়ী কার্তিক।
প্লে অফের রণকৌশল
দীনেশ কার্তিক বলেন, গত বছর আইপিএলে আমরা অল্পের জন্য নেট রান রেটের কারণে প্লে অফে যেতে পারিনি। চতুর্থ দলটির সমসংখ্যক ম্যাচে জেতা সত্ত্বেও পরপর দুই বছর আমাদের পাঁচে শেষ করতে হয়েছে। এই বিষয়টা অত্যন্ত পীড়াদায়ক বলে অভিহিত করে কার্তিক বলেন, আমরা এবার এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলব যা সমর্থকদের গর্বিত করবে। এখনও প্লে অফে যাওয়ার পথ বন্ধ হয়নি। দলগতভাবে খেলেই সাফল্য সুনিশ্চিত করতে হবে। সাতটির মধ্যে অন্তত ৬টি ম্যাচ জেতার লক্ষ্যেই আমাদের এগোতে হবে। একটা করে ম্যাচ ধরে ধরে এগিয়েও সাতটির মধ্যে ৬টি জেতা সম্ভব। কলকাতা নাইট রাইডার্স আক্রমণাত্মক ও পজিটিভ ক্রিকেট খেলার জন্য সুপরিচিত। সেটাই দ্বিতীয়ার্ধে করে দেখাতে হবে। এখনও আমাদের টিম স্পিরিট ভালোই রয়েছে। আমাদের কোচও সব সময় ক্রিকেটাররা যাতে পজিটিভ থাকেন সেদিকে খেয়াল রাখেন। এবার সমর্থকদের মুখে চওড়া হাসি ফোটানোর আশ্বাসও দেন কার্তিক।
নাইটদের ম্যাচ
আরসিবি ম্যাচের পর আবু ধাবিতে ২৩ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কেকেআর। ২৬ তারিখ প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়), ২৮ সেপ্টেম্বর শারজায় নাইটদের সামনে দিল্লি ক্যাপিটালস (ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয়), ১ অক্টোবর দুবাইয়ে কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। ৩ অক্টোবর দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলে ৭ অক্টোবর নাইটরা গ্রুপের শেষ ম্যাচ শারজায় খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।



Click it and Unblock the Notifications

























