আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের জন্য অশনি সংকেত, করোনা আক্রান্ত অল রাউন্ডার
আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের জন্য অশনি সংকেত, করোনা আক্রান্ত ভারতীয় অল রাউন্ডার
২০২১ সালের আইপিএল শুরু হতে মেরেকেটে বাকি আর এক সপ্তাহ। তার আগেই দুঃসংবাদ এল দিল্লি ক্যাপিটালসের। চোটের কারণে আগামী আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই অল রাউন্ডার অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়ার খবরে কেঁপে উঠল গতবারের রানার্সরা। কেমন আছেন ক্রিকেটার, তাও দলের তরফে জানানো হল।

করোনা আক্রান্ত অক্ষর
দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, জৈব সুরক্ষা বলয়ের অধীনে অনুশীলনে নামার আগে দলের সব ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট করা হয়। একমাত্র অক্ষর প্যাটেলের টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। আগামী আইপিএলে প্রথম ম্যাচে অল রাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে দিল্লি ক্যাপিটালসকে।

বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ
করোনা ভাইরাসের আবহে ২০২১ সালের আইপিএল নিয়ে বিসিসিআই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি প্রকাশ করেছে, টুর্নামেন্ট চলাকালীন বা তার আগে কোনও ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জৈব সুরক্ষা বলয় থেকে বিচ্ছিন্ন করতে হবে বলে ভারতীয় বোর্ডের নির্দেশ। অক্ষর প্যাটেলের ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস সে অনুযায়ী পদক্ষেপ করেছে বলে জানানো হয়েছে। মৃদু সংক্রমণ থাকায় ক্রিকেটারের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে জানানো হয়েছে।

করোনা মুক্ত রানা
সূত্র মারফত জানা গিয়েছে, গত ২২ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কেকেআর ব্যাটসম্যান নীতীশ রানা। সেলফ আইসোলেশনে চলে যান বাঁ-হাতি ব্যাটসম্যান। গত বৃহস্পতিবার রানার কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

কবে অভিযান শুরু দিল্লির
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামছ দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ঋষভ পন্থের দল।












Click it and Unblock the Notifications