ICC T20 WC: স্টোকস নেই টি ২০ বিশ্বকাপে, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন মর্গ্যানের ইংল্যান্ড দলে কারা?
২০১০ সালে মাত্র একবারই টি ২০ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে। ১১ বছর পর ফের টি ২০ বিশ্বকাপ জিততে মরিয়া ২০১৯ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ থ্রি লায়ন্সের দল ঘোষণা হল। প্রত্যাশিতভাবেই নেই বেন স্টোকস। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে সাসেক্সের ফাস্ট বোলার টাইমাল মিলসকে। ২০১৭ সালের পর তিনি ইংল্যান্ড দলে ডাক পেলেন।

প্রাথমিকভাবে ঘোষিত ১৫ সদস্যের দলে রদবদল করার জন্য অবশ্য ১০ অক্টোবর অবধি সুযোগ রয়েছে।মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে রয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। তাই টি ২০ বিশ্বকাপের জন্য তাঁর কথা বিবেচনা করা হয়নি। স্টোকস না থাকায় ক্রিস ওকসকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। সাসেক্সের বাঁহাতি পেসার মিলস ২০১৭ সালে কেরিয়ারের চতুর্থ টি ২০ আন্তর্জাতিকটি খেলেছেন। কিন্তু সম্প্রতি তিনি দ্য হান্ড্র্ডে ভালো ছন্দে ছিলেন। সাসেক্সকে টি ২০ ব্লাস্টের ফাইনালে তোলা বা সাদার্ন ব্রেভকে দ্য হান্ড্র্ডে চ্যাম্পিয়ন করানোর পিছনে অবদান ছিল মিলসের। প্রতি ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করা এবং ডেথ ওভারের বোলিং দক্ষতা মিলসকে চার বছর পর জাতীয় দলে ফেরাল। তিনি জোফ্রা আর্চারের অভাব পূরণ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

টি ২০-তে ইংল্যান্ডের সর্বাধিক উইকেটশিকারী ক্রিস জর্ডনের সঙ্গে শক্তিশালী বোলিং আক্রমণে রয়েছেন মার্ক উড, স্যাম কারান, ডেভিড উইলিরা। স্পিন আক্রমণ সামলানোর দায়িত্ব থাকবে আদিল রশিদ, মঈন খান, লিয়াম লিভিংস্টোনের উপর। অলরাউন্ডার লিভিংস্টোন পাকিস্তানের বিরুদ্ধে ৪২ বলে শতরান করার পাশাপাশি দ্য হান্ড্রেডে সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন। অধিনায়ক মর্গ্যান ছাড়াও স্যাম বিলিংস, জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলার, ডেভিড মালানরা থাকায় ইংল্যান্ডের ব্যাটিং শক্তি সমীহ করার মতোই। ২০১৯ সালে একদিনের আন্তর্জাতিকের বিশ্বকাপ জেতার পরই এবার টি ২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে থ্রি লায়ন্স। তবে সাকিব মাহমুদ বা ম্যাট পার্কিনসদের জায়গা হনয়ি বিশ্বকাপের দলে।

ঘোষিত দলের সব বিভাগে গভীরতা দেখে সাফল্য়ের বিষয়ে আশাবাদী ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। এই মুহূর্তে টি ২০-তে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড। শেষ ১১টি দ্বিপাক্ষিক সিরিজের ৯টিতেই জয়লাভ করেছে। টি ২০ বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ ছাড়া বিশ্বকাপের দলের অনেকেই আইপিএলেও খেলবেন। ২৩ অক্টোবর টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে এবারের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবেন মর্গ্যানরা।
Happy with our @T20WorldCup squad? 🏏 🌎 🏆
— England Cricket (@englandcricket) September 9, 2021
More 📝 https://t.co/hzCrlFFSzj pic.twitter.com/3L7ee8WJTq
ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপের দলে রয়েছেন ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। রিজার্ভ হিসেবে থাকছেন টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স।












Click it and Unblock the Notifications