মিতালি ও অশ্বিনের সঙ্গে রাজীব গান্ধী খেলরত্নের দৌড়ে সুনীল ছেত্রীও
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছরই রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন, দ্রোণাচার্য, ধ্যানচাঁদ পুরস্কার দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত করা হয় বিভিন্ন ক্রীড়া সংস্থার তরফে পাঠানো তালিকা থেকেই। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পাওয়ার দৌড়ে এবার রয়েছেন মিতালি রাজ, রবিচন্দ্রন অশ্বিন ও সুনীল ছেত্রী।

খেলরত্নের জন্য দুই নাম
মনোনয়ন বা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন থাকলেও তা সম্প্রতি ৫ জুলাই অবধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। বিসিসিআইয়ের তরফে রাজীব গান্ধী খেলরত্নের জন্য পাঠানো হয়েছে ২২ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় মহিলা দলের সদস্য তথা বর্তমানে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক মিতালি রাজের নাম। মিতালির সঙ্গে এই সম্মানের জন্য নাম পাঠানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনেরও।

অর্জুনের দাবিদার
অর্জুন পুরস্কারের জন্য শিখর ধাওয়ান, লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাহ-র নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন রোহিত শর্মা।

দৌড়ে সুনীল
এআইএফএফের তরফে প্রস্তাব দেওয়া হচ্ছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নে ভূষিত করতে। এ ছাড়াও মহিলা ফুটবলার বালা দেবীর নাম পাঠানো হচ্ছে অর্জুন পুরস্কারের জন্য। উল্লেখ্য, গত বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন মণিকা বাত্রা, রোহিত শর্মা, বিনেশ ফোগট, রানি রামপাল ও মারিয়াপ্পান ফাঙ্গাভেলু।

কুস্তি সংস্থাও নাম পাঠাল
রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে অর্জুন পুরস্কারের জন্য যে তালিকা পাঠানো হয়েছে তাতে নাম রয়েছে অলিম্পিকগামী কুস্তিগীর তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী রবি দাহিয়া ও দীপক পুনিয়ার। এ ছাড়াও নাম রয়েছে অংশু মালিক এবং সরিতা মোরের। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন দীপক, ব্রোঞ্জ জিতে টোকিওর টিকিট পেয়েছিলেন রবি। অলিম্পিকে ৫৭ কেজি বিভাগে চতুর্থ বাছাই রবিকে পদক জয়ের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। গত বছর সিনিয়র সার্কিটে ১৯ বছরের অংশু ছটি টুর্নামেন্টে এশিয়ান খেতাব-সহ পাঁচটি পদক জেতেন। দ্রোণাচার্য পুরস্কারের জন্য নাম পাঠানো হয়েছে কুস্তির কোচ বিক্রম, কুলদীপ মালিক ও সুজিত মানের। যদিও কুলদীপ আগে ধ্যানচাঁদ পুরস্কার পাওয়ায় তাঁর নাম বিবেচিত নাও হতে পারে। ধ্যানচাঁদ পুরস্কারের জন্য ভারতের কুস্তি ফেডারেশন পাঠিয়েছে ৮৯ বছরের সজ্জন সিংয়ের নাম।












Click it and Unblock the Notifications