AUS vs IND: নীতীশের স্মরণীয় শতরানে নানা নজির, মেলবোর্নে ধুলোয় মিশল ১২২ বছরের রেকর্ড
AUS vs IND: নীতীশ কুমার রেড্ডি আজ মেলবোর্ন টেস্টে শতরান হাঁকিয়ে ভারতের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। চলতি সিরিজে ভারতীয়দের মধ্যে তাঁর রানই সর্বাধিক।
নীতীশ তৃতীয় দিনের শেষে অপরাজিত আছেন ১৭৬ বলে ১০৫ রানে। মেরেছেন ১০টি চার, ১টি ছয়। এই ইনিংসে একাধিক রেকর্ড গড়লেন। ধুলোয় মিশল ১২২ বছরের পুরানো রেকর্ড।

মেলবোর্নে কোনও টেস্টে আট বা তার নীচে নেমে সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিলেন নীতীশ। ভেঙে দিলেন ১৯০২ সালে অস্ট্রেলিয়ার রেজিনাল্ড ডাফের করা ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রানের নজির। ১৯২০ সালে অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরি এবং রেমন্ড লিন্ডওয়াল ১৯৪৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই ১০০ রান করেছিলেন।
অস্ট্রেলিয়ায় সফররত কোনও দলের হয়ে টেস্টে আট বা তার নীচে নেমে পঞ্চম তথা ভারতের প্রথম ব্যাটার হিসেবে শতরান পেলেন নীতীশ। এর আগে শতরান করেছিলেন ইংল্যান্ডের ম্যাট প্রায়র (১১৮), পাকিস্তানের ইয়াসির শাহ (১১৩), নিউজিল্যান্ডের অ্যাডাম পারোরে (১১০) ও ওয়েস্ট ইন্ডিজের ফ্রাঞ্জ আলেকজান্ডার।
অস্ট্রেলিয়ায় ভারতীয়দের মধ্যে আট বা তার নীচে নেমে সর্বাধিক রানের নজির ছিল অনিল কুম্বলের দখলে। ২০০৮ সালে অ্যাডিলেড টেস্টে ৮৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট বা তার নীচে নেমে শতরানের নিরিখে রেড্ডি রইলেন ঋদ্ধিমান সাহার পরে। ২০১৭ সালে রাঁচিতে ঋদ্ধি করেছিলেন ১১৭ রান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অষ্টম উইকেট বা তারও নীচের জুটিতে সর্বাধিক রানের পার্টনারশিপের তালিকায় নীতীশ ও ওয়াশিংটন সুন্দরের যোগ করা ১২৭ তৃতীয় যুগ্ম সর্বাধিক। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনি ও ভুবনেশ্বর কুমার নবম উইকেট জুটিতে অজিদের বিরুদ্ধে ১৪০ রান যোগ করেন।
২০০৮ সালে সিডনি টেস্টে হরভজন সিংকে নিয়ে সচিন তেন্ডুলকর অষ্টম উইকেটেই ১২৯ রানের পার্টনারশিপ গড়েন। ১৯৭৯ সালে মুম্বইয়ের (তৎকালীন বোম্বে) ওয়াংখেড়ে টেস্টে কারসন ঘাউড়ি ও সৈয়দ কিরমানি ১২৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন অষ্টম উইকেট জুটিতে।
আট বা তার নীচের জুটিতে বিদেশের মাটিতে ওঠা রানের নিরিখে সুন্দর ও রেড্ডির ১২৭ রানের পার্টনারশিপ চতুর্থ সর্বাধিক। ১৯৮১ সালে অকল্যান্ড টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সৈয়দ কিরমানি ও শিবলাল যাদব যথাক্রমে ২৩০ ও ২১৩ বল খেলেছিলেন। আট বা তার নীচে নেমে ১৫০ বা তার বেশি বল খেলার নজির ভারতীয় ক্রিকেটে দেখা গেল সেই অকল্যান্ড টেস্টের পর। সুন্দর ও রেড্ডির ইনিংসে।
সচিন তেন্ডুলকর ১৮ বছর ২৫৩ দিন ও ঋষভ পন্থ ২১ বছর ৯১ দিনের মাথায় অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শতরান পান। সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরির নিরিখে ভারতীয়দের মধ্যে তিনে রইলেন নীতীশ (২১ বছর ২১৪ দিন)।
মেলবোর্নে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান ভারতের ভিনু মাঁকড়ের পর করলেন একমাত্র নীতীশই। ২০০৮ সালে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি এমসিজিতে করেন জেপি ডুমিনি। বিগত ১৬ বছরে এই স্টেডিয়ামে এমন নজির কারও নেই।












Click it and Unblock the Notifications