AUS vs IND: মেলবোর্নে তারুণ্যের জয়গান, শতরান করে সচিন-কোহলিদের সঙ্গে একই তালিকায় নীতীশও
বর্ডার-গাভাসকর ট্রফির দল ঘোষণার সময় টেস্টে নীতীশ কুমার রেড্ডির নাম থাকা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। একজন টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটারকে কেন টেস্ট দলে তাও অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচিত হতে হয় কোচ গৌতম গম্ভীরকেও। নীতীশকে যে শুধু অস্ট্রেলিয়ায় ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়নি তা পারথের প্রথম ম্যাচেই প্রমাণিত হয়।
পারথ, অ্যাডিলেড, গাব্বা তিনটি টেস্টেই সুযোগ পেয়েছেন এবং দলের প্রয়োজনে কার্যকরী ভূমিকা নিয়েছেন। কিন্তু মেলবোর্নের মহারণে সমালোচকদের জবাবটা দিলেন, সেইসঙ্গে তাঁকে টেস্ট দলে সুযোগ দিয়ে টিম ম্যানেজমেন্ট যে কোনও ভুল করেনি তা প্রমাণ করে দিলেন ভারতীয় ক্রিকেটের নয়া এনকেআর। ঐতিহ্যের এমসিজিতেই কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করলেন। সেই সঙ্গে তরুণ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানকারী ভারতীয়দের তালিকায় নিজের নামও নথিভুক্ত করে নিলেন।

সচিন-ঋষভদের পরই এই তালিকায় নাম তুলে ফেললেন নীতীশ কুমার রেড্ডি। শনিবার মেলবোর্নে শতরান করলেন ২১ বছর ২১৬ দিন বয়সেই। এত কম বয়সে মেলবোর্নে কোনও ভারতীয় শতরান করতে পারেননি টেস্টে। সেটাই করে দেখালেন নীতীশ। সেইসঙ্গে বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। কঠিন সময়ে শতরান করলেন সেইসঙ্গে দলকে বিপদের হাত থেকে রক্ষা করলেন।
নীতীশের পর এই তালিকায় আছেন দাত্তু পাদকার। তিনি অ্যাডিলেডে ২২ বছর ৪২ দিন বয়সেই শতরান করেন। কেএল রাহুল সিডনিতে ২২ বছর ২৬৩ দিন বয়সেই শতরান করেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম ম্যাচেই শতরান করেন যশস্বী জয়সওয়াল। তিনি ২২ বছর ৩৩০ দিন বয়সেই শতরান করেন। তালিকায় আছেন বিরাট কোহলিও। তিনি ২৩ বছর ৮০ দিন বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন অ্যাডিলেডের মাঠ।
সব মিলিয়ে জীবনের প্রথম টেস্ট সিরিজেই শতরান করে নজর কাড়লেন নীতীশ কুমার রেড্ডি। ৮ নম্বরে নেমে শতরান করে রেকর্ডও সৃষ্টি করেছেন নীতীশ।












Click it and Unblock the Notifications