আন্দ্রে রাসেলের বিধ্বংসী ফর্মে উচ্ছ্বসিত কেকেআর! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন টি ২০ রেকর্ড
আইপিএলের আগে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ফর্ম স্বস্তি দেবে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। এবারের ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল। সিপিএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি এখন দ্রে রাসের দখলে। ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন, ম্যাচের সেরার পুরস্কারটিও গিয়েছে রাসেলের ঝুলিতে। তবে ১৪ বলে অর্ধশতরান কিন্তু রাসেলের কেরিয়ারে নতুন নয়।
|
রাসেলের রেকর্ড
গতকাল রাসেলের সিপিএল দলের খেলা ছিল সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে। সেন্ট লুসিয়া কিংস দলটি আবার নিয়েছে আইপিএলের পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্যাচেই রাসেল ঝড়ে উড়ে গেল সেন্ট লুসিয়া কিংস। টস জিতে সেন্ট লুসিয়া কিংস ফিল্ডিং নিয়েছিল। জামাইকা তালাওয়াসের হয়ে সর্বাধিক রান করলেন রাসেল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তিনটি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন রাসেল। এর ফলে জামাইকা পৌঁছে যায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানে। ফাফ দু'প্লেসির নেতৃত্বাধীন সেন্ট লুসিয়া কিংস ১৩৫ রানে শেষ হয়ে যায়। রাসেলরা জেতেন ১২০ রানে। কনকাসনের জন্য কয়েক মাস মাঠের বাইরে কাটিয়ে এই প্রথম খেলতে নেমে চেন্নাই সুপার কিংসের ভরসা ফাফ দু'প্লেসি প্রথম বলেই আউট হন। বল হাতে রাসেল আন্দ্রে ফ্লেচারের উইকেট পান। তিন ওভারে ১৯ রান দেন দ্রে রাস। রাসেলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স আইপিএলেও এমন ম্যাজিকের প্রত্যাশা করছে। এর আগেও ১৪ বলেই রাসেল টি ২০ অর্ধশতরান করেছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। গত নভেম্বরে গল গ্ল্যাডিয়েটরের বিরুদ্ধে কলম্বো কিংসের হয়ে। হাম্বানটোটার সেই ম্যাচে রাসেল ৯টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১৯ বলে ৬৫ করে অপরাজিত ছিলেন।

টি ২০-তে দ্রুততম অর্ধশতরান
টি ২০-তে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি রয়েছে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরাতুল্লা জাজাইয়ের। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ডারবানে যুবরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। সেই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা। ২০১৬ সালে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকারের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেন গেইল। ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ১২ বলে অর্ধশতরান করেছিলেন কাবুল জোয়াননের হয়ে জাজাই। ২০১০ সালে সমারসেটের হয়ে হ্যাম্পশায়ারের হয়ে টি ২০-তে ১৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন মার্কাস ট্রেসকোথিক। রাসেল ছাড়াও ১৪ বলে যাঁরা টি ২০ অর্ধশতরান করেছেন তাঁরা হলেন ইমরান নাজির (শিয়ালকোট), জেরার্ড ব্রফি (ইয়র্কশায়ার), কায়রন নোয়েমা-বার্নেট (সেন্ট্রাল ডিস্ট্রিক্টস), কলিন মুনরো (নিউজিল্যান্ড), ফারহান বেহারদিয়েন (টাইটান্স), লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব), অভয় নেগি (মেঘালয়) ও রমেশ সাথীসান (রোমানিয়া)। ২০১৮ সালে মোহালিতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি নিজের দখলে রেখেছেন রাহুল।
|
স্বপ্নের ফর্মে টিম ডেভিড
গতকাল রাসেলদের বিরুদ্ধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেললেন টিম ডেভিড। আইপিএলে যিনি খেলবেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। সেন্ট লুসিয়া কিংস অল আউট হয়ে যায় ১৭.৩ ওভারে ১৩৫ রানে। সর্বাধিক রান করেন সিঙ্গাপুরের টিম ডেভিড। তিনি সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন। সিপিএলের প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর তিনি ২৮ বলে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আটটি চার ও তিনটি ছয় মেরেছেন। টিম ডেভিডের আরেকটি মজার পরিসংখ্যান রয়েছে। বিগ ব্যাশ অভিষেকে প্রথম বলে সিঙ্গলস নেওয়ার পরের বলেই ছয় মেরেছিলেন। দ্য হান্ড্রেডে অভিষেক ম্যাচেও তারই পুনরাবৃত্তি ঘটান। পাকিস্তান সুপার লিগে প্রথম বলে এক রান নিয়ে দ্বিতীয় বলে চার মেরেছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে প্রথম বলে রান করতে না পারলেও দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান। আইপিএল অভিষেকে তাঁর দ্বিতীয় বলে বোলারের ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে তা জানতে আরও কয়েক দিনের অপেক্ষা।
(ছবি- আন্দ্রে রাসেলের ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications