Ambati Rayudu: ১০ দিনও টিকল না পার্টনারশিপ! রায়ডুর আচমকা সিদ্ধান্তে অন্ধ্রে অস্বস্তিতে জগনের YSRCP
Ambati Rayudu: অম্বাতি রায়ডু অস্বস্তি বাড়ালেন যুবজন শ্রমিক রায়তু কংগ্রেস পার্টির (Yuvajana Sramika Rythu Congress Party)। যে দলের সরকার রয়েছে অন্ধ্র প্রদেশে।
লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্র প্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। তার আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডুকে যোগদান করিয়ে চমক দিয়েছিল জগন মোহন রেড্ডির দল। যদিও এই ইনিংস দীর্ঘস্থায়ী হলো না।

২০২২ সালের আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংস থেকে আচমকা অবসরের ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছিলেন রায়ডু। যদিও কিছু সময় পরেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। চলতি বছরের আইপিএল খেলেই পাকাপাকিভাবে ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন রায়ডু। তারপরই প্রস্তুতি শুরু করেন রাজনীতিতে যোগদানের।
গত বছরের এপ্রিলে অম্বাতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির প্রশংসা করেছিলেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। জগনের একটি ভাষণ শুনে নিজের মুগ্ধতা প্রকাশ করে রায়ডু লিখেছিলেন, অন্ধ্রের মানুষের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর। এরপর গত জুনে রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ করেন অম্বাতি।
প্রাথমিকভাবে রাজনৈতিক মহল মনে করেছিল কংগ্রেসে যোগ দিতে পারেন রায়ডু। যদিও সেই নিয়ে চর্চার মধ্যেই জগনের সঙ্গে বৈঠক করেন রায়ডু। দুঃস্থ, পিছিয়ে থাকা ছেলে-মেয়েদের জন্য বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো ও শিক্ষার বন্দোবস্ত নিয়ে কথাবার্তা হয়েছিল। যদিও পরবর্তীকালের নানা ঘটনা পরম্পরায় বোঝা যায় রাজনীতিতে নামার সলতে পাকানো শুরু হয়েছিল সেই বৈঠকেই।
রায়ডু গুন্টুরের বাসিন্দা। তিনি সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। সেখানেই রাজ্যের শাসক দলের নেতাদের সঙ্গেও দেখা করেন রায়ডু। অবশেষে গত ২৮ ডিসেম্বর জগন মোহন রেড্ডির উপস্থিতিতে ওয়াইএসআর কংগ্রেস পার্টিতে যোগদান করেন রায়ডু।
জগনের সঙ্গেই রায়ডুকে দলে স্বাগত জানাতে হাজির ছিলেন উপ মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী ও সাংসদ মিধুন রেড্ডি। মনে করা হচ্ছিল, গুন্টুর থেকে লোকসভা নির্বাচনে রায়ডুকে প্রার্থী করতে পারে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তবে তার আগেই দলত্যাগ করে জগনদের অস্বস্তি বাড়ালেন রায়ডু।
অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন ইতিমধ্যেই রাজ্যজুড়ে আদুধাম অন্ধ্র (Adudham Andhra) নামক স্পোর্টস ফেস্টিভ্যালের ঘোষণা করেছেন। তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয় রায়ডুকে। কিন্তু জানা যাচ্ছে, রায়ডু সেই কর্মসূচিতে যোগ দেননি। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ওয়াইএসআরসিপি ছাড়ার কথা।
তবে রাজনীতির আঙিনা থেকে তিনি যে পাকাপাকিভাবে সরছেন না, সেই ইঙ্গিতও দিয়েছেন চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ বছর আইপিএল খেলা রায়ডু। তিনি লিখেছেন, কিছু সময়ের জন্য রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এতেই শুরু হয়েছে চর্চা। তাহলে অন্য কোন দলে যোগ দেবেন দেশের হয়ে ৫৫টি ওডিআই ও ৬টি টি২০ আন্তর্জাতিক খেলা অন্ধ্রের এই প্রাক্তন ক্রিকেটার?












Click it and Unblock the Notifications