সচিন, ইউসুফের পর করোনা আক্রান্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তাঁদের আরেক সতীর্থ
সচিন তেন্ডুলকর করোনা আক্রান্ত। সেই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পর জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন ইউসুফ পাঠান। সম্প্রতি রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা তাঁদের আরেক সতীর্থ এবার করোনা আক্রান্ত হলেন।

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুব্রহ্মণ্যম বদ্রীনাথ আজ টুইটে জানিয়েছেন, করোনা সংক্রান্ত সব সতর্কতা অবলম্বন করার পাশাপাশি আমি নিয়মিত করোনা পরীক্ষা করিয়েছি। তা সত্ত্বেও আমার করোনা পজিটিভ ধরা পড়েছে। মৃদু উপসর্গ রয়েছে। নিয়ম মেনে আমি বাড়িতে আইসোলেশনে থাকছি। চিকিৎসকের পরামর্শমতোই আপাতত কয়েক দিন কাটাতে হবে। সকলে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং নিরাপদে থাকুন।
— S.Badrinath (@s_badrinath) March 28, 2021
উল্লেখ্য, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে সচিনের নেতৃত্বাধীন ভারত লেজেন্ডস শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ভারত লেজেন্ডস দলেও ছিলেন বদ্রীনাথ। গতকাল সকালে সচিনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। সচিনেরও মৃদু উপসর্গ রয়েছে। তিনিও হোম আইসোলেশনেই রয়েছেন। শুক্রবার তাঁর সামান্য জ্বর থাকলেও শনিবার জ্বর নেই বলেও জানা যায়। এরপর সন্ধ্যার দিকে জানা যায় ভারত লেজেন্ডস দলে তাঁর সতীর্থ ইউসুফ পাঠানও করোনা পজিটিভ। তারপর এবার তাঁদের আরেক সতীর্থ বদ্রীনাথের করোনা সংক্রমিত হওয়ার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিনটি ম্যাচ খেলেন বদ্রীনাথ। ইংল্যান্ড লেজেন্ডসের বিরুদ্ধে আট রান করেন, বল হাতে দশ রান দিলেও উইকেট পাননি। দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। ফাইনালে তিনি আউট হন ৭ রানে।
ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ












Click it and Unblock the Notifications