অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার সিদ্ধান্তকে 'বেদনাদায়ক' বলে চিহ্নিত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড
অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার সিদ্ধান্তকে 'বেদনাদায়ক' বলে চিহ্নিত করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড
আফগানিস্তানের বিরুদ্ধে মার্চ মাসে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-এর মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা থাকলেও তা বাতিল করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মহিলা অধিকার খর্বের পথে যে ভাবে অগ্রসর হয়েছে তালিবানরা তারই বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে 'বেদনাদায়ক' বলে উল্লেখ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে না খেলার যে বেদনাদায়ক সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়া নিয়েছে তাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড অত্যন্ত হতাশ এবং দুঃখিত।"
আফগানিস্তানের শাসনভার তালিবানিদের হাতে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে মহিলাদের ক্রিকেট। মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান-সহ নানাবিধ ক্ষেত্রে তালিবানরা ফতোয়া জারি করছে। চাপে পড়ে শর্তসাপেক্ষে শিক্ষাক্ষেত্রে ফতোয়া কিছুটা শিথিল করলেও সামগ্রিকভাবে নারী স্বাধীনতা ও অধিকার বিপন্ন আফগানিস্তানে। সাম্প্রতিক কিছু তালিবানি ফতোয়ার প্রতিবাদে এবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ ক্রিকেট অস্ট্রেলিয়ার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, আফগানিস্তান-সহ বিশ্বের সমস্ত দেশেই পুরুষদের ক্রিকেটের পাশাপাশি মহিলাদের ক্রিকেটের বিকাশেও সমানভাবে সবরকম সমর্থনে তারা অঙ্গীকারবদ্ধ। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার সরকারও এই পদক্ষেপে সবুজ সঙ্কেত দিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সে দেশের মেয়েদের অবস্থার সামগ্রিক মানোন্নয়নের বিষয়ে আলোচনার দরজা অবশ্য খুলে রাখা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "মেয়েদের জিমে যাওয়ার উপর, পার্কে যাওয়ার উপর, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ এবং শিক্ষার উপর তালিবান যে ভাবে বিধিনিষেধ জারি করেছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ এবং মহিল উভয় ক্রিকেটের প্রসারের পক্ষে বিশ্বজুড়ে। আফগানিস্তানে মহিলা ক্রিকেটের উন্নতির আশায় আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাব।"












Click it and Unblock the Notifications