দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মোহনলাল, বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি মোহনলাল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে আজ এই ঘোষণা করা হয়েছে।
দেশের চলচ্চিত্র জগতে এটি সর্বোচ্চ সম্মান। ২০২৩ সালের জন্য এই পুরস্কারটি মোহনলাল পাচ্ছেন, এই খবর সামনে আসার তাঁকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোহনলালকে মালয়ালম চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বর্ণনা করেছেন মোদী। তাঁর মতে মোহনলাল শ্রেষ্ঠত্ব ও বহুমুখী প্রতিভার প্রতীক। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলুক। শুধু মালয়ালম নয়, তেলুগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও মোহনলালের অসাধারণ অভিনয়ের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কথায়, বিভিন্ন মাধ্যমে মোহনলালের সিনেমাটিক ও নাট্য প্রতিভা সত্যিই অনুপ্রেরণামূলক। মোদী লিখেছেন, " মোহনলালজি শ্রেষ্ঠত্ব এবং বহুমুখী প্রতিভার মূর্ত প্রতীক। কয়েক দশকের বিস্তৃত কর্মজীবনের মাধ্যমে তিনি মালয়ালম সিনেমা ও থিয়েটারের এক উজ্জ্বল তারকা। কেরলের সংস্কৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসা রয়েছে।"
চলচ্চিত্রে অবদানের জন্য এই ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মোহনলাল পাচ্ছেন। তবে ২০০১ সালে তিনি পদ্মশ্রী ও ২০১৯ সালে পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications