সামনেই বিয়ে গৌরব–দেবলীনার, কে কে আমন্ত্রিত, কী থাকছে বিয়ের মেনুতে দেখে নিন এক নজরে
সামনেই বিয়ে গৌরব–দেবলীনার
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই চারহাত এক হবে। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার এই ডিসেম্বরেই তাঁদের বিয়েটা সারবেন। একদিকে মহানায়কের পরিবার অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র পারিষদের দেবাশিষ কুমারের বাড়ির বিয়ে, তাই এই বিয়ে যে দেখার মতো হবে তা বলাই বাহুল্য। দুই পরিবারে বিয়ে নিয়ে তোড়জোড় তুঙ্গে। তবে এই নিয়ে সেভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি তারকা জুটি।

আইবুড়ো ভাত খাচ্ছেন গৌরব
এরই মধ্যে ইনস্টাগ্রামের স্টোরিতে গৌরব ও দেবলীনা তাঁদের প্রেমময় ছবি আপলোড করলেন। যা দেখার পর ভক্তদের উচ্ছাস দ্বিগুণ বেড়ে গিয়েছে। বিয়ের প্রস্তুতি যে চলছে তা বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবর থেকে বোঝাই যাচ্ছে। সম্প্রতি ‘রাণী রাসমণি'র সেটে গৌরবকে আইবুড়ো ভাত খাইয়েছেন সিরিয়ালের কলা কুশলীরা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

ছোট করেই বিয়ে হবে ৯ ডিসেম্বর
২৫ ডিসেম্বর ঘটা করে এই তারকা জুটির বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা ৯ ডিসেম্বরই করা হবে। তবে জাঁকজমক বা কোনও আড়ম্বর থাকবে না। দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে ছোট করেই এই বিয়ে সারা হবে। তবে আগামী বছরের মার্চ মাসে দেবলীনা-গৌরব গ্র্যান্ড রিসেপশন দেবেন। সেখানে উপস্থিত থাকবেন টলিউড থেকে রাজনৈতিক জগতের গণ্যমান্য ব্যক্তিত্বরা। তবে বিয়ের জন্য ইতিমধ্যেই টলিউডের বেশ কয়েকজনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বিয়ের আগে হবে সঙ্গীত
বিয়ের আগে সঙ্গীতের অনুষ্ঠান হবে। তবে আর কোনও রীতি হবে কিনা তা এখনও জানা যায়নি। রিসেপশন হবে মার্চ মাসে। এখন শুধু এই সম্পর্ককে পরিণতি দেওয়া হবে।

বিয়ের মেনুতে থাকছে চমক
তারকা জুটির বিয়ে, তাই মহাভোজ যে থাকবে তা আর বলাই বাহুল্য। বিশেষ সূত্রে খবর, মহানায়কের বাড়ির কিছু বিশেষ পদ রাখা হবে বিয়ের মেনুতে। গৌরব জানিয়েছেন যে তাঁর বাড়ির আ-কাকিমারা বিএর পদ তৈরি করেছেন, তবে তাঁর পছন্দের বিরিয়ানি সেই মেনুতে থাকছে বলে জানা গিয়েছে।

এখনই হানিমুন নয়
না, বিয়ের পর পরই হানিমুন বা মধুচন্দ্রিমায় যাচ্ছেন না গৌরব-দেবলীনা। এই পর্বটা আপাতত তুলে রাখা হয়েছে। বিয়ের পর তাঁরা দু'জনেই যে যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়বেন, তাই এখন আর কোনও ঘুরতে যাওয়া নয়। বিয়ের সময় অরিন্দম শীলের ‘তিরন্দাজ শবর'-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেবলীনা, অন্যদিকে ‘করুণাময়ী রাণী রাসমণি'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত গৌরব।

গৌরবের প্রথম বিয়ে নিয়ে চর্চা
দেবলীনা-গৌরবের বিয়ে নিয়ে চর্চার মাঝেই অভিনেতার প্রথম বিয়ে নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে গাঁটছড়া বাঁধলেও গৌরবের বিচ্ছেদ হয়ে যায় বিয়ের ৩ বছর পরই। তারপরই দেবলীনার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদে হয়ে গেলেও, তাঁরা একে অপরের ভাল বন্ধু। সম্প্রতি একটি টক শোয়ে গৌরব-দেবলীনার সঙ্গে দেখা যায় অনিন্দিতাকেও।
ছবি সৌ: গৌরব চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications