করোনা বিধ্বস্ত বলিউড, এবার আক্রান্ত হলেন রনধীর কাপুর, ভর্তি হাসপাতালে
এবার আক্রান্ত হলেন রনধীর কাপুর
বলিউডের একের পর এক অভিনেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার কোভিড–১৯ পজিটিভ হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রনধীর কাপুর। জানা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে বৃহস্পতিবার রাতেই রণধীর কাপুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ৭৪ বছরের অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বলিউডের স্বর্ণযুগের অভিনেতা–পরিচালক–প্রযোজক রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুর। 'কাল আজ অউর কাল’, 'জিৎ’, 'জওয়ানি দিওয়ানি’, 'লফঙ্গে’, 'রামপুর কা লক্ষ্মণ’, 'হাত কি সাফাই’-এর মতো একাধিক হিট হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের অভিনেত্রী ববিতাকে বিয়ে করেন রনধীর। দুই মেয়ে করিশ্মা ও করিনা কাপুরও বি টাউনের জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন রনধীরের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট করানো হয়েছে। গত বছরই তিনি তাঁর ভাই ঋষি কাপুর ও রাজীব কাপুরকে হারিয়েছেন। ঘটনাচক্রে শুক্রবার অর্থাৎ ৩০ এপ্রিল ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকী। ক্যান্সারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এর মধ্যেই আবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা রাজীব কাপুরও।
উল্লেখ্য, গত মাসে করোনা আক্রান্ত হন ঋষিপুত্র রণবীর কাপুর। ভাইপোর কোভিড পজিটিভ হওয়ার খবর তিনিই জানিয়েছিলেন। করোনা আক্রান্ত হয়েছিলেন রণবীরের প্রেমিকা আলিয়া ভাটও। অবশ্য এখন দু’জনেই করোনামুক্ত। কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন তারকা যুগল। আমার ধুমধাম করে স্ত্রীর ববিতার জন্মদিনও পালন করেছিলেন রণধীর কাপুর।












Click it and Unblock the Notifications