অর্থ তছরূপ মামলায় ইডির প্রশ্নের মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ
অর্থ তছরূপ মামলায় ইডির প্রশ্নের মুখে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ
এবার বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক তছরূপ মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লিতে রয়েছেন বলিউড অভিনেত্রী। জানা গিয়েছে, জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং গত পাঁচ ঘণ্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদ করে চলেছে জ্যাকলিনকে। সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলায় তিনি অন্যতম সাক্ষী এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় শেষ হতে পারে ৭টা বা সাড় সাতটা নাগাদ। সোমবার সকালেই দিল্লিতে আসেন এই অভিনেত্রী।

সূত্রের খবর, মামলাটি সুকেশ চন্দ্রশেখর নাম এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা বহু কোটি টাকার তোলাবাজি মামলার সঙ্গে জড়িত। এই সুকেশ নির্বাচন কমিশনকে ঘুষ দেওয়া সংক্রান্ত মামলাতেও অভিযুক্ত। ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে অভিনেত্রীকে অভিযুক্ত হিসেবে জেরা করা হচ্ছে না। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে থাকা মামলায় সাক্ষী হিসাবেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, গত ২৪ অগাস্ট ইডি চেন্নাইতে ৮২.৫ লক্ষ টাকার সমুদ্রের ধারের বাংলো এবং একাধিক বিলাসবহুল গাড়ি এই অর্থ তছরূপ মামলায় বাজেয়াপ্ত করেছে। সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও তোলাবাজির অভিযোগে রয়েছে। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার একটি এফআইআর -এর ভিত্তিতে মামলাটি করা হয়েছে।
শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন গত ১২ বছর ধরে বলিউডে অভিনয় করছেন। ২০০৯ সালে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর বলিউডে প্রথম ছবি 'আলাদিন’ করেন। ২০০৬ সালে জ্যাকলিনের মাথায় মিস ইউনিভার্স শ্রালঙ্কার পালক যুক্ত হয় এবং তিনি ওই বছরই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করেন। বলিউডে সলমন খান,অক্ষয় কুমার থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকলিন। মুক্তির অপেক্ষায় রয়েছে জ্যাকলিনের একগুচ্ছ প্রোজেক্ট। জ্যাকলিন ফার্নান্ডেজের 'ভূত পুলিশ’, 'অ্যাটাক’, 'বচ্চন পাণ্ডে’, 'রাম সেতু’-র মতো বহুচর্চিত ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এই বছরের শুরুর দিকে জ্যাকলিনের সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তাঁর আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল ইডি। সেই মামলায় তাঁর বয়ানও রেকর্ড করা হয়। এখানে উল্লেখ্য, ইয়ামি ও জ্যাকলিনকে একসঙ্গে দেখা যাবে আগামী ছবি ভুত পুলিশে। তাঁদের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও অর্জুন কাপুর। আগামী ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ভূত পুলিশ।












Click it and Unblock the Notifications