করোনায় আক্রান্ত আমির খান, শুটিং বন্ধ ‘লাল সিং চাড্ডা’র
করোনায় আক্রান্ত আমির খান
করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ মহারাষ্ট্র তথা মুম্বইতে যে শুরু হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক বলিউড অভিনেতা–অভিনেত্রী এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার সেই তালিকায় নতুনভাবে যোগ দিলেন অভিনেতা আমির খান। আমির খানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে এবং তিনি নিজেকে বাড়িতেই আইসোলেট করে রেখেছেন। তিনি সব কোভিড–১৯ বিধি অনুসরণ করছেন।

অভিনেতার এক বিশ্বস্ত সূত্রের খবর, 'আমির খানের করোনা পজিটিভ ধরা পড়ে এবং তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। তিনি নিজের কর্মীদের করোনা টেস্ট করানোর জন্য বলেছেন এবং সব ধরনের প্রয়োজনীয় আগাম সতর্কতা ও কোভিড বিধি মেনে চলার কথাও বলেছেন। আমির খান সম্পূর্ণভাবে সেরে উঠলে লাল সিং চাড্ডার শুটিং পুনরায় শুরু করবেন।’ কিছুদিন আগেই ৫৬ বছরে পা দিলেন আমির খান। জন্মদিনের পরের দিনই তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেন। লকডাউনের মধ্যে এতদিন বন্ধ ছিল লাল সিং চাড্ডার শুটিং। কিছুদিন আগেই তা শুরু হয়। কিন্তু ফের আমির খানের করোনা ভাইরাস হওয়ায় শুটিং ফের কিছুদিন পিছিয়ে গেল। এ বছরের বড়দিনেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে।
প্রসঙ্গত, মুম্বইতে আচমকা করোনা কেস বৃদ্ধির কারণে বিএমসি ঘোষণা করেছে যে ২৮ ও ২৯ মার্চ ব্যক্তিগত ও জনবহুল এলাকায় হোলি উৎসব পালন করা যাবে না। একদিনে মুম্বইতে দৈনিক নতুন করোনা কেস ধরা পড়েছে ৩,৫১২ এবং একই দিনে ৮ জনের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications