পোস্ট অফিসের দু'টি স্কিমে বিনিয়োগ করে ধনী হতে পারেন মহিলারা! রিটার্ন পাবেন লাখ টাকার বেশি
চাহিদা অনুযায়ী, দেশের প্রতিটি অংশের মানুষের জন্য প্রকল্প নিয়ে আসে পোস্ট অফিস। গত বছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলাদের চাহিদা অনুযায়ী মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু করেছিলেন। এর আগে ২০১৪ সালে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করে।
মহিলা সঞ্চয় শংসাপত্র প্রকল্পে যে কোনও বয়সের মহিলারা বিনিয়োগ করতে পারেন। সেখানে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ দুই লক্ষ টাকা। এই প্রকল্পে দুই বছরের জন্য বিনিয়োগে ৭.৫০ শতাংশ হারে সুদের সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পের অধীনে আয়কর আইনের ৮০ সি ধারায় ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমায় কর ছাড় পাওয়া যায়। এখন এই স্কিমে দুই লক্ষ টাকা বিনিয়োগ করলে ২,৩২,০৪৪ টাকা পাওয়া যাবে। এই স্কিমের মেয়াদ হবে ২০২৫ সাল পর্যন্ত।

কোনও মহিলার বয়স ১৮ বছরের কম হলে তিনি তাঁর বাবা-মায়ের তত্ত্বাবধানে পোস্ট অফিসে এই অ্যাকউন্ট খুলতে পারেন। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে পোস্ট অফিস ছাড়াও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাবে। এই অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীকে ফর্ম ওয়ান পূরণ করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময়, আধার কার্ড, প্যান কার্ড, কেওয়াইসি নথি এবং পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হবে।
দুবছরের মেয়াদপূর্তির আগেও টাকা তোলা যাবে। নিয়ম অনুযায়ী, একজন অ্যাকাউন্টধারী চাইলে, তিনি একবছর পরে মহিলা সেভিংস স্কিমের অ্যাকাউন্ট থেকে ৪০ শতাংশ টাকা তুলতে পারবেন। জরুরি ক্ষেত্রে অ্যাকাউন্টধারী অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটলে, অ্যাকাউন্ট খোলার ছয়মাস পরে তা বন্ধ করা যাবে। সেইসব ক্ষেত্রে ৫.৫ শতাংশ হাতে সুদের সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০ বছরের বালিকার জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। প্রতি বছরে ২৫০ টাকা থেকে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বর্তমানে সুদের হার ৮.২ শতাংশ। আয়কর আইনের ৮০সি ধারায় বিনিয়োগে ছাড় পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১৫ বছরের জন্য টাকা জমা করা যেতে পারে। কন্যার বয়স ২১ বছর হলে এই প্রকল্পের ম্যাচিওরিটি হয়। এই প্রকল্পের অধীনে মেয়ের বয়স ১৮ বছর বয়স হলে জমা অর্থের ৫০ শতাংশ তোলা যায়। পুরোটা তোলা যায় ২১ বছর বয়স হলে।












Click it and Unblock the Notifications