আইসিএসই (icse)-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (cisce)। যদিও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিনই এব্যাপারে কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এই পরীক্ষা শুরু হওয়ার লকথা ছিল ৪ মে থেকে।
আইসিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল, পুরনো উপায়েই হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা
এর আগে শনিবার কাউন্সিলের তরফে জানানো হয়েছিল দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পরবর্তী নোটিশ না নেওয়া পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে তার ৭২ ঘন্টার মধ্যে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করে দেওয়া হল।
সোমবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, বর্তমানে করোনায় মহামারী পরিস্থিতি যথেষ্টই খারাপ। সেই কারণে সিআইএসসিই আইসিএসই-র দশম শ্রেণি ২০২১-এর বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে ১৬ এপ্রিলের সার্কুলারটি তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে, এব্যাপারে ১৬ এপ্রিলের সার্কুলার জারি থাকছে। অর্থাৎ পরে অফলাইনে এই পরীক্ষা নেওয়া হবে বলে আপাতত স্থির করা হয়েছে।
এই নোটিশে বলা হয়েছে, অনুমোদিত স্কুলগুলিতে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অনলাইন ক্লাসও শুরু করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।
প্রসঙ্গত দিনকয়েক আগে সিবিএসইর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষাও বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে মানদণ্ডের ভিত্তিতে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। কোনও ছাত্রছাত্রী সন্তুষ্ট না হলে, তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আপাতত দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার কথাও বলা হয়েছে। এব্যাপারে ১ জুন পর্যালোচনা বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।